২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শপথের পরদিন মন্ত্রিসভার বৈঠকে নারায়ণ চন্দ্র চন্দ

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরদিন মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত হয়েছেন নারায়ণ চন্দ্র চন্দ, যিনি এতদিন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2018, 12:39 PM

Updated : 19 Aug 2022, 01:21 PM

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ছায়েদুল হকের সঙ্গে প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র এর আগেও বিভিন্ন সময়ে মন্ত্রিসভার বৈঠকে অংশ নিয়েছেন। ছায়েদুল হকের মৃত্যুতে গত মাসের মাঝামাঝি সময়ে মন্ত্রী পদটি শূন্য হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা বৈঠক অধিশাখার (সংযুক্ত) উপসচিব মনিরা বেগম বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক বসেছে। নারায়ণ চন্দ্র চন্দও বৈঠকে যোগ দিয়েছেন।”

তবে এখনও দপ্তর বণ্টন না হওয়ায় অপর দুই নতুন মন্ত্রী মোস্তাফা জব্বার ও এ কে এম শাহজাহান কামাল বুধবারের বৈঠকে অংশ নিতে পারেননি।

মন্ত্রিসভার বৈঠক এমনিতে সোমবার হলেও এ সপ্তাহে তা পিছিয়ে বুধবার আনা হয়। মন্ত্রিসভার সম্প্রসারণের খবর সোমবারই সংবাদমাধ্যমে আসে।

এরপর মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে শপথ নেন নারায়ণ চন্দ্রসহ নতুন তিনজন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী ।

তাদের কে কোন দপ্তর পাচ্ছেন তার আনুষ্ঠানিক ঘোষণা এখনও না এলেও নারায়ন চন্দ্র চন্দ আগের দপ্তরেই থাকছেন বলে মঙ্গলবার রাতে তার কথায় আভাস মিলেছে। সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে তার নামফলকও লাগানো হয়েছে।

মঙ্গলবার শপথ নেওয়ার পর ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে নারায়ন চন্দ্র সাংবাদিকদের বলেন, “আমরা মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। অল্প দিনের মধ্যেই এর আনুষ্ঠানিক ঘোষণা দেব। প্রাণিসম্পদেও আমরা অনেক দূর এগিয়েছি। মাংস উপাদন ৭ গুণ বেড়েছে। অতীতের এসব অর্জন ধরে রাখা এবং নতুন নতুন বিষয় সংযোজন করা হবে।”