জাবি ছাত্র জুবায়ের হত্যা: আপিলের শুনানি শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত চার আসামির আপিল এবং ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়েছে।
মঙ্গলবার প্রথম দিনের শুনানি নিয়ে বুধবারও মামলাটি শুনানির জন্য রেখেছে বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাই কোর্ট বেঞ্চ।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সরোয়ার কাজল। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল নির্মল কুমার দাস। আসামিপক্ষে ছিলেন আইনজীবী রানা কাউসার।
কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ পেপারবুক থেকে রাষ্ট্রপক্ষের ২৬ সাক্ষীর মধ্যে ১০ সাক্ষীর জবানবন্দি উপস্থাপন শেষ হয়েছে। আগামীকাল বাকি সাক্ষীদের সাক্ষ্য উপস্থাপন শেষ হবে আশা করি। এরপর যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে।”
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির মধ্যে রাশেদুল ইসলাম রাজু আপিল করেছিলেন। বাকিরা পলাতক।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছয় আসামির মধ্যে একজন পলাতক। বাকি পাঁচজন আপিল করেন।
ইংরেজি বিভাগের স্নাতক শেষ বর্ষের ছাত্র জুবায়ের ২০১২ সালের ৮ জানুয়ারি ছাত্রলীগের কোন্দলে প্রতিপক্ষের হামলায় নিহত হন।
জুবায়ের নিহত হওয়ার পর ছাত্র-শিক্ষকদের আন্দোলনের এক পর্যায়ে পদত্যাগে বাধ্য হন বিশ্ববিদ্যালয়ের ওই সময়কার উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির।
জুবায়ের হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন নিবন্ধক হামিদুর রহমান বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন।
২০১২ সালের ৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ১৩ ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে ঢাকার আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা মীর শাহীন শাহ পারভেজ।
হত্যাকাণ্ডের দেড় বছর পর মামলাটি অভিযোগ গঠনের পর্যায়ে এলে তা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।
২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হকের দেওয়া রায়ে পাঁচ আসামির মৃত্যুদণ্ড এবং ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পান দুজন।
ফাঁসির দণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন প্রাণীবিজ্ঞান বিভাগের আশিকুল ইসলাম আশিক, খান মোহাম্মদ রইছ ও জাহিদ হাসান, দর্শন বিভাগের রাশেদুল ইসলাম রাজু এবং সরকার ও রাজনীতি বিভাগের মাহবুব আকরাম।
যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ পাওয়া আসামিরা হলেন পরিসংখ্যান বিভাগের ছাত্র শফিউল আলম সেতু ও অভিনন্দন কুণ্ডু অভি, দর্শন বিভাগের কামরুজ্জামান সোহাগ ও ইশতিয়াক মেহবুব অরূপ, ইতিহাস বিভাগের মাজহারুল ইসলাম এবং অণুজীব বিজ্ঞান বিভাগের ছাত্র নাজমুস সাকিব তপু।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে অরূপ পলাতক, বাকিরা কারাগারে রয়েছেন।
