২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিনজন হচ্ছেন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী

সরকারের মেয়াদের চার বছরের মাথায় মন্ত্রিসভার সম্প্রসারণে তিনজন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন সন্ধ্যায়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2018, 04:34 PM

Updated : 11 Oct 2022, 11:58 AM

পুরনো খবর:

আকার বাড়ছে মন্ত্রিসভার, মঙ্গলবার শপথ

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়াবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে নানা আলোচনার মধ্যে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম মঙ্গলবার বিকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “তিনজন নতুন এবং একজন পুরনো। পুরনো থেকে একজন পূর্ণমন্ত্রী হবেন। আর দুজন নতুন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী, চারজন। (গণমাধ্যমে) নাম যেভাবে আসছে, ঠিক আছে।”

মন্ত্রিসভায় আরও রদবদলের গুঞ্জন নিয়ে প্রশ্ন করলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “না না না, এই চারজনই শপথ নেবেন।”

বঙ্গভবনের একজন কর্মকর্তা সকালেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চারজনের শপথ আয়োজনের জন্য রাষ্ট্রপতির কার্যালয়কে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

আর মন্ত্রিসভার নতুন সদস্যদের বঙ্গভবনে নিয়ে যেতে বিকালে সচিবালয় থেকে রওনা হয় চারটি গাড়ি।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সোমবার ওই চারজনের সঙ্গে যোগাযোগ করে মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে থাকতে বলা হয় শপথের জন্য।

Image
নারায়ন চন্দ্র চন্দ

নারায়ন চন্দ্র চন্দ

Image
মোস্তাফা জব্বার

মোস্তাফা জব্বার

Image
শাহজাহান কামাল

শাহজাহান কামাল

Image
কাজী কেরামত আলী

কাজী কেরামত আলী

 

এই চারজনের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা নারায়ন চন্দ্র চন্দ পদোন্নতি পেয়ে মন্ত্রী হচ্ছেন।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মোস্তাফা জব্বারকে সরকারে মন্ত্রীর দায়িত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া লক্ষ্মীপুরের সাংসদ এ কে এম শাহজাহান কামালও মন্ত্রী হিসেবে শপথ নেবেন। রাজবাড়ীর এমপি কাজী কেরামত আলী পাচ্ছেন প্রতিমন্ত্রীর দায়িত্ব।

বিজয় বাংলা কিবোর্ডের উদ্ভাবক মোস্তাফা জব্বার (৬৮) যেহেতু সংসদ সদস্য নন, তাকে মন্ত্রিসভায় আনতে হবে টেকনোক্র্যাট হিসেবে। বাকিরা কে কোন দায়িত্ব পাচ্ছেন তা শপথের পরই স্পষ্ট হবে।

৭২ বছর বয়সী নারায়ন চন্দ্র চন্দ খুলনা-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনবার। ২০১৪ সালে আওয়ামী লীগ টানা দ্বিতীয় দফায় সরকার গঠন করলে নারায়ন চন্দ্রকে দেওয়া হয় প্রতিমন্ত্রীর দায়িত্ব।

৬৩ বছর বয়সী কাজী কেরামত আলী গত নির্বাচনে রাজবাড়ী-১ আসন থেকে চতুর্থবারের মত এমপি নির্বাচিত হন। তিনি সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য এবং সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

আর লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সাংসদ শাহজাহান কামাল (৭২) দীর্ঘদিন জেলা আওয়ামী লীগের সভাপাতির দায়িত্ব পালন করেছেন। তার ভাই অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি।