২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিকে ‘ইডিয়ট পার্টি’ বললেন মুহিত

আগামী নির্বাচনে না এলে রাজনৈতিক দল হিসেবে বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে বলে মন্তব্য করেছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আবদুর রহিম হারমাছি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2017, 09:53 PM

Updated : 19 Aug 2022, 06:17 PM

তিনি আশা করছেন, বিএনপি গত নির্বাচন বর্জনের মতো বোকামি এবার করবে না।

বছরের শেষ দিন রোববার বিকালে সচিবালয়ে নিজের কার্যালয়ে আগামী বছরের রাজনীতি ও অর্থনীতির গতি প্রকৃতি নিয়ে কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপে মগ্ন হয়েছিলেন মুহিত।

একাদশ সংসদ নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে বিএনপির দাবিতে সরকার নত না হওয়ার মধ্যে দলটির ভোটে আসার সিদ্ধান্ত এখনও মেলেনি।

নির্বাচন আগামী ডিসেম্বরেই করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তুত বলে জানান তার মন্ত্রিসভার বয়ঃজ্যেষ্ঠ এই সদস্য।

এবারও কি ২০১৪ সালের মতো হবে- এ প্রশ্নের উত্তরে মুহিত বলেন, “একতরফা, সেটা আমরা করি নাই। এটা ইডিয়ট পার্টি করেছে। দ্য টোটালি ইডিয়েট পার্টি। লেড বাই ইডিয়টস।”

গত নির্বাচনের আগে বিএনপিকে আলোচনার প্রস্তাব দেওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “আমরা তাদের ইনভাইট করলাম যে, আস। তত্ত্বাবধায়কের মতো, দে ওয়ার ইনভাইটেড টু কাম অ্যান্ড জয়েন। দে ফেইলড টু টেক ইট।”

“এবার করবে না। এবার যদি করে, দ্যাট উইল বি স্কেয়ার ফর এ পলিটিক্যাল পার্টি। সো আই ক্যান গ্যারান্টি, এবার ইলেকশন হবেই, পার্টিসিপেটরি,” বলেন তিনি।

বিএনপি ভোটে আসলেও জয় আওয়ামী লীগেরই হবে বলে মনে করেন মুহিত।

“আমার বিশ্বাস, বিশ্বাস নয়, তার চেয়েও বেশি, আগামী নির্বাচন পার্টিসিপেটরি ইলেকশন হবে এবং সেই নির্বাচনে আমরা আওয়ামী লীগই জিতব।”

Image
আবুল মাল আবদুল মুহিত (ফাইল ছবি)

আবুল মাল আবদুল মুহিত (ফাইল ছবি)

আগামী নির্বাচনে অংশ নেবেন কি না-জানতে চাইলে মুহিত বলেন, সিলেট-১ আসনে তার ভাই এ কে এ মোমেনও প্রার্থী হতে পারেন।

“আমার আসনে আমাদের পার্টিতে একজন আছে; সে আমার ভাই। তবুও যদি পার্টির প্রয়োজন হয়, আমি কনটেস্ট করব। ইফ আই ফাইন্ড হি ইজ নট ডুয়িং ওয়েল, দ্যান আই উইল কনটেস্ট।”

আওয়ামী লীগ ক্ষমতায় টিকে যাবে বলে দৃঢ়ভাবে আশাবাদী মুহিত জানান, আগামী বারও জোটকে নিয়েই সরকার গড়বেন শেখ হাসিনা।

করের বোঝা ‘আসবে না’

রাজনৈতিক স্থিতিশীলতায় সামষ্টিক অর্থনীতি ভালো যাওয়ায় সন্তোষ জানিয়ে ভোটের বছর নতুন কোনো কর আরোপ না কথার কথা জানান অর্থমন্ত্রী মুহিত।

তিনি বলেন, “আগামী বাজেটে আমরা ট্যাক্স বার্ডেন কিছুই করছি না। সুতরাং স্বস্তি সেদিক দিয়ে… স্বস্তির বছর।

“খুব অ্যাম্বিশাস বাজেটও করব না। এটা নরমাল প্রজেকশনে যা হয়, সেটার মধ্যে থাকবে। ‍সুতরাং ওখানে আমরা কোনো সুযোগ কাউকে দেব না। ইলেকশন করব, তাতে একটু কনসেশন দিলাম…আর কী।”

অর্থনীতির সাফল্য যেন ভোটের বছর রাজনৈতিক অস্থিরতায় ম্লান না হয়, সে দিকে সজাগ থাকার কথাও বলেন মুহিত।

তিনি বলেন, “২০১৭-১৮ অর্থবছরে আমরা জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরেছি ৭ দশমিক ২ শতাংশ। সেটা বেশি হবে; সম্ভবত ৭ দশমিক ৫ শতাংশ হবে।”

দারিদ্র্য বিমোচনে সরকারের সফলতায় মানুষের স্বস্তি ‘অনেক উচ্চমাত্রায়’ আছে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।

রাজস্ব আদায় বাড়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি; তবে লক্ষ্য পূরণ না হওয়ায় হতাশার কথাও বলেন।

“রেভিনিউ রেইজিং ইজ ইনক্রেজিং, বাট ইট ইজ সামহাউ লোয়ার দেন দি প্রজেক্টেড গ্রোথ রেইট। আমাদের প্রোজেক্টেড গ্রোথ রেটটা অনেক হাই ছিল। অ্যাভারেজ পারফরম্যান্স অব দি লাস্ট ফিউ ইয়ারস, ইটস জাস্ট লিটল ওভার টু ডিজিটস।”

অপেক্ষাকৃত তরুণদের কর দানে সাড়া দেওয়ার প্রশংসাও ঝরে মুহিতের কণ্ঠে। তিনি আশাবাদী, ২০২১ সাল নাগাদ আয়কর থেকে প্রাপ্তি ভ্যাটকে ধরে ফেলবে।

আটকে থাকা ভ্যাট আইন সংশোধন করে ২০২০ সাল নাগাদ বাস্তবায়নের আভাসও দেন তিনি।

মুহিত বলেন, “আমাদের রেভিন্যু রেইজিং লেভেলটা ইনক্রিয়েজ করতে হবে। একটা ড্রামাটিক চেইঞ্জের দরকার এইখানে। এইটা আগামী পাঁচ বছরের মধ্যে হবে বলে আমি আশা করি।”

চালের দাম ও ব্যাংক

চালের দরের ঊর্ধ্বগতির জন্য ব্যবসায়ীদের দায়ী করেন অর্থমন্ত্রী মুহিত।

তিনি বলেন, “চালের দামটা ... টু মাচ গ্রিড অব দ্য ব্যবসায়িজ। এটা হওয়া উচিৎ না। আমরা চেয়েছিলাম, চালের দাম একটু বাড়ুক। সো দ্যাট কৃষকদের কস্ট কভার্ড হয়। দ্য প্রাইস অব রাইস ইজ থার্টি এইট। থার্টি এইটে কৃষক ইজ মার্জিং। ৩৮ থেকে ৪০ এর মধ্যে থাকা উচিৎ ছিল। ব্যবসায়ীরা সেটা বোধ হয় ৬০ টাকা পর্যন্ত নিয়ে গেছে।”

চালের দাম কমানোর পদক্ষেপের বিষয়ে তিনি বলেন, “আমি চিন্তা করছি, আমাদের একটি ফুড কমিটি আছে, তাদেরকে জানুয়ারিতে একটা সভার জন্য রিকুয়েস্ট করতে পারি। এটাকে আমরা একটু অ্যাডভান্সড করে প্রাইসটাকে কন্ট্রোল করতে পারি কি না।”

ব্যাংক খাতে অস্থিরতার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, “চলতি অর্থবছরের মধ্যেই (৩০ জুন) ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা হবে। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের নজরদারিতে কয়েকটি ব্যাংকে ম্যানেজমেন্ট পরিবর্তন হয়েছে। আর হবে...। তবে মার্জার (একীভূত) সেটা বোধ হয় করা যাবে না।”

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের গড়িমসির সমালোচনা করে মুহিত বলেন, “রোহিঙ্গার জন্য একটা পরিকল্পনা করা হচ্ছে। তার জন্য ইন্টারন্যাশনাল অ্যাসিসটেন্স হ্যাজ বিন সলভড। সরকারি-বেসরকারি বিদেশি সংস্থা বার্ডেন শেয়ার করছে।”