২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বমানের শিক্ষা দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

শিক্ষার্থীরা যাতে সময় উপযোগী বিভিন্ন বিষয়ে বিশ্বমানের শিক্ষা পায় সেলক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2017, 07:39 PM

Updated : 11 Oct 2022, 02:53 PM

রোববার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল মো. সালাহউদ্দিন মিয়াজি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম গিয়াসউদ্দিন মিয়া এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের উপাচার্য আল-নকীব চৌধুরী পৃথকভাবে বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের এসব তথ্য জানিয়ে আরও বলেন, “শিক্ষার্থীরা যাতে বিশ্বমানের প্রতিযোগিতায় অংশ নিতে পারে সেলক্ষ্যে রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষকে প্রয়োজনীয় একাডেমিক কার্যক্রম হাতে নিতে বলেছেন।”

এছাড়া দেশের বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য আবদুল হামিদ গবেষণা কার্যক্রম পরিচালনার ওপর জোর দিতে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনা করে নতুন নতুন ফসলের জাত উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করেছেন।

উপাচার্যরা আলাদাভাবে তাদের বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন বলে জানান প্রেস সচিব।

এর আগে বিদায়ী মুখ্য সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রেস সচিব জানান, বিদায়ী মুখ্য সচিব তার কর্মকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।