যশোরে ১৭ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
যশোর সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কপোতাক্ষ নদের পানি ব্যবস্থাপনার উন্নয়নসহ ১৭ প্রকল্পের উদ্বোধন এবং ১১টি প্রকল্পের ভিত্তিফলক উন্মোচন করেছেন।
রোববার বিকালে যশোরের কেন্দ্রীয় ইদগাহ ময়দানে জেলা আওয়ামী লীগের জনসভার শুরুতে এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি উন্মোচন করেন তিনি।
এর মধ্যে দিয়ে কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণের প্রথম পর্যায়, জেলা সদরের আমদাবাদ কলেজের দোতলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলার সম্প্রসারণ, শার্শা উপজেলার পাকশিয়া কলেজের দোতলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলার সম্প্রসারণ, বাঘারপাড়া উপজেলার বাঘারপাড়া ডিগ্রি কলেজের দোতলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলার সম্প্রসারণ, মনিরামপুর উপজেলায় ৫০০ আসনের শহীদ মশিয়ুর রহমান অডিটোরিয়াম-কাম মাল্টি পারপাস হল নির্মাণ প্রকল্পের কাজ শুরু হল।
এছাড়া যশোর পাবলিক লাইব্রেরির তৃতীয় পর্যায়ের উন্নয়ন, যশোর মেডিকেল কলেজের একাডেমিক ভবন নির্মাণ, হৈবতপুর ইউনিয়ন ভূমি অফিস ভবন নির্মাণ, নরেন্দ্রপুর ইউনিয়ন ভূমি অফিস ভবন নির্মাণ, মহাকাল ইউনিয়ন ভূমি অফিস ভবন নির্মাণ, পাতিবিলা ইউনিয়ন ভূমি অফিস ভবন নির্মাণ, যশোর পুলিশ সুপার ভবন নির্মাণ, যশোর পুলিশ হাসপাতাল নির্মাণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ভাস্কর্য নির্মাণ, যশোর শহরের ১৩ কিলেমিটার সড়ক ও ২২ কিলোমিটার ড্রেন নির্মাণ, ঝিকরগাছা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ এবং অভয়নগরে মালোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ প্রকল্পেরও উদ্বোধন করেন।
এছাড়া ভৈরব রিভার বেসিন এলাকার জলাবদ্ধতা দূরীকরণ ও টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প, যশোর-বেনাপোল জাতীয় মহাসড়ক (এন-৭০৬) প্রশস্তকরণ প্রকল্প, যশোর-খুলনা জাতীয় মহাসড়কের যশোর অংশ (পলাশবাড়ী হতে রাজঘাট অংশ) সংস্কার প্রকল্প, কেশবপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ, যশোর কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ প্রকল্পের ভিত্তিফলক উন্মোচন করেন শেখ হাসিনা।
তিনি যশোর শহরের ২৫ কিলোমিটার সড়ক ও ২৪ কিলোমিটার ড্রেন নির্মাণ কাজ, নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের আওতায় হামিদপুর কম্পোস্ট প্ল্যান্ট, প্রি-ট্রিটমেন্ট প্ল্যান্ট, বায়োগ্যাস প্ল্যান্ট এবং কন্ট্রোল ল্যান্ডফিল সেল নির্মাণ, ঝিকরগছা উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ম্যুরাল নির্মাণ, শেখ রাসেল জিমনেসিয়াম ভবন এবং ছাত্র শিক্ষক কেন্দ্রেরও (টিএসসি) ভিত্তি স্থাপন করেন।
এর আগে সকালে যশোরে পৌঁছে বাংলাদেশ বিমান বাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ দেখেন প্রধানমন্ত্রী৷ সেখানে তিনি বলেন, বরিশাল ও সিলেটে বিমান বাহিনীর নতুন দুটি ঘাঁটি স্থাপনের বিষয়টি প্রক্রিয়ায় রয়েছে।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যশোরে জনসভা করছেন তিন বছর পর । এর আগে ২০১৪ সালের শুরুতে নির্বাচনে জয়ী হওয়ার পর ২৩ জানুয়ারি অভয়নগরের মালোপাড়ায় যান প্রধানমন্ত্রী। সে সময় এক জনসভায় বক্তৃতা করেছিলেন তিনি।
