২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪০তম বার্ষিক সভা অনুষ্ঠিত

বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪০তম বার্ষিক সভা শনিবার বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2017, 11:27 PM

Updated : 11 Oct 2022, 02:53 PM

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান ২০১৬-২০১৭ সালের বার্ষিক প্রতিবেদন এবং একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন ২০১৭-২০১৮ সালের বাজেট উপস্থাপন করেন।

সভায় দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সাতজনকে বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ ২০১৭ এবং বাংলা একাডেমি পরিচালিত পাঁচটি পুরস্কার দেওয়া হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।

এ বছর সাংবাদিকতায় ইকবাল বাহার চৌধুরী ও হাসান শাহরিয়ার, ভাষা-আন্দোলন, নারী নেতৃত্ব এবং শিক্ষা ও সমাজসেবায় প্রতিভা মুৎসুদ্দি, চিকিৎসাবিজ্ঞানের গবেষণায় অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ ও পানিসম্পদ বিশেষজ্ঞ অধ্যাপক আইনুন নিশাত, মুক্তিযুদ্ধবিষয়ক সাহিত্যে ড. নূরুন নবী, নৃত্যকলায় দুলাল তালুকদার এ বছর বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ পাচ্ছেন। 

ভাষাসংগ্রামী ও প্রাবন্ধিক আহমদ রফিক প্রথমবারের মতো প্রবর্তিত ‘সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার’, কবি রুবী রহমান ‘মযহারুল ইসলাম কবিতা পুরস্কার’, অধ্যাপক সাইফুদ্দীন চৌধুরী ও অধ্যাপক শফিউল আলম সা’দত আলি ‘আখন্দ সাহিত্য পুরস্কার’, অধ্যাপক আলী আসগর মেহের কবীর ‘বিজ্ঞানসাহিত্য পুরস্কার’ এবং জায়েদ ফরিদ উদ্ভিদ-স্বভাব বইয়ের জন্য ‘হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার’ লাভ করেন।

সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা, মযহারুল ইসলাম কবিতা পুরস্কার-এর অর্থমূল্য এক লাখ টাকা, সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার টাকা, মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা এবং হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কারের অর্থমূল্য ৩০ হাজার টাকা।

সাধারণ সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ সারা দেশ থেকে আসা বাংলা একাডেমির ফেলো, জীবনসদস্য এবং সদস্যসহ দুই সহস্রাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন।

সভাপতির ভাষণে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “সকল সদস্য, জীবনসদস্য এবং ফেলোর অংশগ্রহণে আজকের এই দিনব্যাপী সভা আমাদের আবার মনে করিয়ে দিচ্ছে বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি একাডেমির অঙ্গীকারের কথা। গবেষণামূলক প্রতিষ্ঠান হিসেবে একাডেমির ঐতিহ্য বজায় রাখতে ও বিস্তৃত করতে আমাদের আরও সচেষ্ট হতে হবে।”

একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান ২০১৬-২০১৭ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করে বলেন, “ষাট বছরের ঐতিহ্য ও অভিজ্ঞতায় ঋদ্ধ একাডেমি এখন এক নতুন যুগে প্রবেশ করেছে। একাডমির অবকাঠামোগত বিপুল উন্নয়নের পাশাপাশি গবেষণামূলক কর্মকাণ্ডে আমাদের সাফল্য দেশ ও বিদেশের বুদ্ধিবৃত্তিক পরিমণ্ডলের দৃষ্টি আকর্ষণ করেছে।”

একাডেমির সদস্যরা প্রতিবছর সাধারণ সভায় অংশগ্রহণ করে গণতান্ত্রিক পরিকাঠামোয় বাংলা একাডেমির অগ্রযাত্রা নিশ্চিত করার ক্ষেত্রে ভূমিকা রেখে চলেছেন বলে মন্তব্য করেন তিনি।

“বাংলা ভাষা ও সাহিত্যের প্রগতিমুখী চর্চায় এবং বাঙালি সংস্কৃতির অব্যাহত বিকাশে ভবিষ্যতে বাংলা একাডেমি তার কার্যপরিধি আরও বিস্তৃত করবে,” বলেন একাডেমির  মহাপরিচালক।

একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন ২০১৭-২০১৮ সালের বাজেট উপস্থাপন করেন। একাডেমির সদস্যবৃন্দ বার্ষিক প্রতিবেদন ও বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় অংশগ্রহণ করেন। একাডেমির মহাপরিচালক সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং উত্থাপিত প্রস্তাবের প্রেক্ষিতে বক্তব্য প্রদান করেন।