২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাস কমলেও প্রাথমিকের ফলাফলে সন্তুষ্ট মন্ত্রী

প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় এবার পাসের হারের সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমলেও এই ফলেই খুশি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2017, 09:18 PM

Updated : 11 Oct 2022, 02:53 PM

শনিবার ফল প্রকাশের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, “অবশ্যই সন্তুষ্ট, যদিও আমার প্রত্যাশা হল শতভাগ শিশু পাস করুক, প্রধানমন্ত্রীরও প্রত্যাশা তাই। শিশুরা তো ফেল করার কথা নয়। পরীক্ষার জন্য আমরা ছেলেমেয়েদের ভালভাবে প্রস্তুত করে দেব।”

এবারের ফলাফল গতবারের চেয়ে কেন খারাপ হল- সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শীর্ষ কর্তাদের কেউ।

মন্ত্রী বলছেন, গবেষণা না করে এর উত্তর দেওয়া তার পক্ষে সম্ভব নয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালও তার সঙ্গে সুর মিলিয়েছেন।

প্রাথমিক সমাপনী পরীক্ষায় এবার ৯৫ দশমিক ১৮ শতাংশ ও ইবতেদায়ীতে ৯২ দশমিক ৯৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। প্রাথমিকে ২ লাখ ৬২ হাজার ৬০৯ জন এবং ইবতেদায়ীতে ৫ হাজার ২৩ জন জিপিএ-৫ পেয়েছে।

গত বছর প্রাথমিক সমাপনীতে ৯৮ দশমিক ৫১ শতাংশ ও ইবতেদায়ীতে ৯৫ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। প্রাথমিকে জিপিএ-৫ পেয়েছিল ২ লাখ ৮১ হাজার ৮৯৮ জন; আর ইবতেদায়ীতে ৫ হাজার ৯৪৮ জন।

সকালে প্রধানমন্ত্রীর কাছে এবারের ফলাফলের অনুলিপি হস্তান্তরের পর দুপুরে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে আসেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী।

ফল কেন খারাপ হল- এমন প্রশ্নে তিনি বলেন, “বিভিন্ন কারণ থাকতে পারে, সেটা তো গবেষণার বিষয়। মানে অ্যাসেসমেন্ট করতে হবে,  যদি আমাকে এটার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দিতে হয় কেন কমল, কোথায় কমল, কীভাবে কমল।”

মন্ত্রীর ওই ব্যাখ্যার পরও সংবাদ সম্মেলনে একই প্রশ্ন ঘুরে ফিরে আসছিল। মন্ত্রীও ঘুরিয়ে-ফিরিয়ে বিষয়টি গবেষণার দিকে ঠেলে দিচ্ছেলেন।

“কখনও কখনও তো ছাত্র কমতেছে। যা পাস করবে সেটা বাড়িয়ে বলবার কোনো স্কোপ নেই, যা পাস করেছে সেটিই আমি বলতে পারব।… কখন, কোন বছর ছাত্ররা ভালো করবে বা মন্দ করবে মানে পড়াশোনার ক্ষেত্রে, পাসের ক্ষেত্রে, আমার মনে হয় সেটা বিশদ গবেষণা দরকার।”

Image
চট্টগ্রামের ড. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ে জেএসসি ও প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের উল্লাস। ছবি: সুমন বাবু

চট্টগ্রামের ড. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ে জেএসসি ও প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের উল্লাস। ছবি: সুমন বাবু

ফেলের হার বাড়ল কেন- সরাসরি এমন প্রশ্নে ফিজার বলেন. “এই প্রশ্নও আমিও যে কাউকে করতে পারি।… যে ফলাফল হয়েছে সেটি বলার জন্য আমি উপস্থিত হয়েছি। আর অপ্রাপ্তির যদি কোনো জায়গা থাকে… সেটা তো গবেষণা করতে হবে।”

সংবাদ সম্মেলনে মন্ত্রীর দুই পাশে ছিলেন প্রাথমিক  শিক্ষা অধিদপ্তরের মহাপারিচালক এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিব।

পাসের হার কমে যাওয়ার বিষয়ে সাংবাদিকরা ওই দুই কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, “পৃথিবীতে সবকিছু একজন মন্ত্রীর জানা থাকবে না, আর আমার প্রশাসনেরও জানা থাকবে না। নিত্য নতুন সমস্যার উদ্ভব হচ্ছে পৃথিবীতে…।”

তবে সাংবাদিকদের প্রশ্নের আলোকে কর্মকর্তরা সেই উত্তর খুঁজবেন বলে আশ্বাস দেন ফিজার।

বার বার প্রশ্নের পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামাল বলেন, “এটা আমরা অ্যানালাইসিস করব।”

প্রাথমিক সমাপনী

>> পরীক্ষার্থী ছিল ২৬ লাখ ৯৬ হাজার ২১৬; তাদের মধ্যে ছাত্র ১২ লাখ ৩৯ হাজার ১৮১ জন, ছাত্রী ১৪ লাখ ৫৭ হাজার ৩৫ জন

>> পাস করেছে ২৫ লাখ ৬৬ হাজার ২৭১ জন; পাসের হার ৯৫.১৮%

>> জিপিএ-৫ পেয়েছে দুই লাখ ৬২ হাজার ৬০৯ জন

>> বাংলায় পাসের হার ৯৮.৯০%; ইংরেজিতে ৯৭.৫০%; গণিতে ৯৮.২১%; বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৯৯.৭৯%; প্রাথমিক বিজ্ঞানে ৯৯.৪৮% এবং ধর্ম ও নৈতিক শিক্ষায় ৯৯.৭৪%

>> পাসের হারে শীর্ষে বরিশাল বিভাগ- ৯৬.২২%; সর্বনিম্ন পাস সিলেট বিভাগে- ৯১.৪৬%

ইবতেদায়ী সমাপনী

>> পরীক্ষার্থী ছিল ২ লাখ ৫৪ হাজার ৩৯৯ জন; এদের মধ্যে ছাত্র ১ লাখ ২৯ হাজার ৭০৩ জন, ছাত্রী ১ লাখ ২৪ হাজার ৬৯৬ জন

>> উত্তীর্ণ হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৪৪৪ জন; পাসের হার ৯২.৯৪%

>> জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ২৩ জন

>> বাংলায় পাসের হার ৯৮.৪৮%, ইংরেজিতে ৯৬.৯১% ও গণিতে ৯৮.১৫%, কুরআন ও তাজবীদ এবং আকাইদ ও ফিকহ বিষয়ে ৯৯.৩৩%; আরবিতে ৯৭.৮৪% এবং পরিবেশ পরিচিতি সমাজ ও পরিবেশ পরিচিতি বিজ্ঞানে ৯৮.৫০%

>> পাসের হারে বিভাগগুলোর মধ্যে শীর্ষে রাজশাহী- ৯৬.২৮%; সর্বনিম্ন সিলেট বিভাগে- ৮৬.৯২%

এবার প্রাথমিকে একটি বিষয়ের ইংরেজি ভার্সনের প্রশ্নে ব্যাপক ভুল থাকায় ওই বিষয়ের ফলাফলে কোনো প্রভাব পড়েছে কি না জানতে জাইলে ফিজার বলেন, “আপনারা ওয়েবসাইটে গেলে ডিটেইল পাবেন। তবে প্রভাব পড়েছে কি না সেটা নাই, প্রভাবটা ওখানে পাবেন না।”

আরেক প্রশ্নে তিনি বলেন, “মানুষের প্রত্যাশা তো সব সময় পূরণ হয় না, তবে আমরা চেষ্টা করতেছি। এখনও তো শতভাগে আমরা যাইনি। ভালোর কোনো শেষ নেই, শেষ ধাপ পর্যন্ত যাওয়ার আমরা চেষ্টা করে যাব।”

শুক্রবার দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত অধিদপ্তরের অ্যাপে প্রাথমিকের এবারের ফল পাওয়া গেছে- এমন তথ্য দিয়ে একজন সাংবাদিক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে ফিজার বলেন, “আজকেই তো প্রধানমন্ত্রীর সামনে প্রথম ফল দিলাম। আপনার বক্তব্যের ভিত্তি আছে কি না- আমরা জানা নেই।”

অ্যাপে ফলাফল পাওয়ার ‘স্ক্রিনশট’ আছে- এমন কথা জানালে ফিজার বলেন, “স্ক্রিনশট বানাতেও পারেন আপনি, সেটা নিয়ে আমার কোনো কথা নেই, সেটা নিয়ে আমি ডিবেটে যাব না। আমাদের দেশে পজিটিভ এবং নেগিটিভ বলবার জন্য বিভিন্ন শ্রেণি-পেশার মধ্যে লোক আছে তারা জনগণের বিরুদ্ধে।”

মন্ত্রণালয় এবার প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীর ফলাফলের বিস্তারিত তথ্য-উপাত্ত সাংবাদিকদের সরবরাহ না করায় সাংবাদিকদের সমস্যায় পড়তে হয়।

অধিদপ্তরের কর্মকর্তারা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছ থেকে ফলাফলের বিস্তারিত তথ্য-উপাত্ত সংগ্রহ করার পরামর্শ দেন। আর মন্ত্রণালয়ের কর্মকর্তারা দাবি করেন, অধিদপ্তর থেকে তাদের তথ্য সরবরাহই করা হয়নি।

পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে বিষয়টি জানালে তিনি সমাপনীর ফলাফলের বিস্তারিত তথ্য-উপাত্ত সাংবাদিকদের সরবরাহের নির্দেশ দেন।