২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারীর সব কাজ পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান

গৃহকর্ম থেকে শুরু করে কৃষিকাজ, সন্তান লালন-পালনসহ সাংসারিক ও উৎপাদনশীল সব কাজে নিয়োজিত নারীর কাজকেও পেশাজীবী নারীর কাজ হিসেবে মূল্যায়ন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2017, 09:50 PM

Updated : 19 Aug 2022, 06:15 PM

বৃহস্পতিবার সেগুনবাগিচায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে ‘পেশাজীবী কর্মজীবী নারীর বিদ্যমান বাস্তবতাঃ বর্তমান করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় এই আহ্বান জানান বক্তারা।

সভায় নারীনেত্রী আয়শা খানম বলেন, “নারীদের ব্যাপক বিশাল ও বহুমুখী কাজের আর্থিক মূল্য নির্ধারণ করে জাতীয় ক্ষেত্রে অর্থাৎ জিডিপিতে অন্তর্ভুক্ত করতে হবে।”

মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, “বাংলাদেশে অফিসে-আদালতে, স্কুল-কলেজে, সংবাদপত্রে- টিভি চ্যানেলে, কল কারখানায়, খেত খামারে দক্ষ ও পরিশ্রমী কর্মী হিসেবে নারীরা নিয়োজিত আছেন। তাদের কাজের মূল্যায়ন সঠিকভাবে না হলে নারী সমাজ পিছিয়েই থাকবে।”

মতবিনিময় সভার আলোচ্য বিষয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ।

বক্তব্যে তিনি বলেন, “নারীর প্রতি বৈষম্য শুধু নারীকে আঘাতই করে না, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে এগিয়ে যেতে প্রতিবন্ধকতা তৈরি করে। সে কারণেই সমস্যার মূলে যাওয়া জরুরি।

“অতীত ইতিহাসের প্রেক্ষিতে দেখতে গেলে দেখা যায় জিডিপি এখন গড়ে উল্লেখযোগ্য হারে বেড়েছে। কিন্তু মাথাপিছু আয়ের মাপকাঠিতে বিচার করা যথার্থ কিনা, আয় বৃদ্ধির সাথে সুষম বণ্টন হয় কিনা, নারী-পুরুষের জীবন মানের উন্নয়ন সুস্থায়ী উন্নয়নকে নিশ্চিত করতে পারে কিনা - ইত্যাদি আলোচনা এখনও প্রায় অনুপস্থিত।”

সভায় অংশগ্রহণকারী শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি, আইনজীবী, সাংবাদিক, ব্যাংকারসহ বিভিন্ন পেশায় কর্মরত নারীরাও কর্মক্ষেত্র সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা ও মতামত ব্যক্ত করেন।