মানিকগঞ্জে টার্মিনাল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, দু’দিকেই আ. লীগ
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেকের জেলায় তার নাম ভাঙিয়ে তার এক ফুফাত ভাই বাস টার্মিনাল দখল করেছেন বলে অভিযোগ তুলেছেন মানিকগঞ্জের একদল পরিবহন মালিক ও শ্রমিক নেতা।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মানিকগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ’ ব্যানারে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।
এই অভিযোগের বিষয়ে প্রতিমন্ত্রী জাহিদ মালেকের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার ফুফাত ভাই মো. ইস্রাফিল হোসেন বলেছেন, এটা তাদের বিরুদ্ধে ‘চাঁদাবাজদের অপপ্রচার’।
ইস্রাফিল মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি; তার সহযোগী হিসেবে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
অন্যদিকে ঐক্য পরিষদের আহ্বায়ক হিসেবে সংবাদ সম্মেলনে আসা কাজী এনায়েত হোসেন টিপু জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
টিপু বলেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ‘নাম ভাঙিয়ে’ তার ফুফাতো ভাই ইস্রাফিল এবং তার সহযোগী জাহিদ দলবল নিয়ে মানিকগঞ্জ জেলা বাস টার্মিনাল এবং জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন অফিস ‘দখল করেছেন’।
“তারা নির্বাচিত প্রতিনিধিদের ভয়ভীতি দেখিয়ে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছেন।”
বিষয়টি মানিকগঞ্জের জেলা প্রশাসককে জানানো হলেও কোনো ফল পাননি বলে অভিযোগ করেন টিপু।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “তারা পেশি শক্তি ও পাশাপাশি প্রশাসনিক শক্তিকে ব্যবহার করছেন। সেখানে স্থানীয় প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপনের প্রভাব রয়েছে। এজন্য প্রশাসনও নীরব ভুমিকা পালন করছে।”
তিনি জানান, এর প্রতিবাদে গত ১৫ অক্টোবর মানিকগঞ্জ জেলা সড়ক পরিবহন ও শ্রমিকরা কর্মবিরতি পালন করেছিল। পরে নৌমন্ত্রী শাজাহান খান ও জেলা প্রশাসকের আশ্বাসে তারা আর নতুন কর্মসূচি দেননি।
দাবি পূরণ না হলে আগামী ২ জানুয়ায়ি সকাল ৬টা থেকে মানিকগঞ্জে সড়ক পরিবহন ধর্মঘট পালনের ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঐক্য পরিষদের সদস্য সচিব বাবুল সরকার, জেলা সড়ক পরিবহন ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী মতিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইস্রাফিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি কোনো ধরনের পরিবহন রাজনীতির সঙ্গে যুক্ত না। স্বাস্থ্য প্রতিমন্ত্রীর জনপ্রিয়তা সহ্য করতে না পেরে একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।”
সংবাদ সম্মেলনকারী টিপু ও জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেন তাদের দল আওয়ামী লীগের নেতা ইস্রাফিল।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মানিকগঞ্জ জেলা শ্রমিক পরিবহন ইউনিয়ন অফিস ‘বৈধ পরিবহন মালিক ও শ্রমিকরা’ পরিচালনা করছেন।
“সেটা তো কেউ দখল করে রাখেনি। যারা দখলের অভিযোগ করছেন, তারা চিহ্নিত চাঁদাবাজ। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে।”
এ বিষয়ে কথা বলতে প্রতিমন্ত্রী জাহিদ মালেকের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। এসএমএস পাঠিয়েও তার সাড়া পাওয়া যায়নি।
প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পরে যোগাযোগ করতে বলেন।
