২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মসলিনের পুনরুজ্জীবনে পৃষ্ঠপোষকতা বাড়াতে বললেন গবেষকরা

বাংলার ঐতিহ্যবাহী মসলিন রক্ষায় সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা বৃদ্ধির অনুরোধ করেছেন লোকশিল্প গবেষকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2017, 10:09 PM

Updated : 19 Aug 2022, 06:14 PM

মসলিনের তুলা পেতে পুটি কার্পাস গাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি তুলা সংরক্ষণে আরো আধুনিক পদ্ধতি প্রবর্তনেরও আহ্বান জানিয়েছেন তারা।

মঙ্গলবার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘মসলিন পুনরুজ্জীবন: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে মসলিন ‍পুনরুদ্ধারে গবেষকরা নানা পরামর্শ দেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেঙ্গল মসলিনের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. লুৎফুর রহমানের সভাপতিত্বে এতে আলোচক ছিলেন লোকশিল্প গবেষক চন্দ্রশেখর সাহা, রুবী গজনবী, তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ফরিদ উদ্দিন, বাংলাদেশ তাঁত বোর্ডের সদস্য (এস অ্যান্ড এম) মিজানুর রহমান।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের চেয়ারম্যান মুশতাক হাসান মুহাম্মদ ইফতিখার।

মূল প্রবন্ধ উপস্থাপনকালে সাইফুল ইসলাম বলেন, “দুই বছর আগে পশ্চিমবঙ্গে মসলিনের কারখানা গড়ে তোলা হয়েছে। তারা বাণিজ্যিকভাবে মসলিনের জিওগ্রাফিক্যাল ইনডিকেশন (জিআই) স্বত্ব পেতে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ যদি উদ্যোগ বা এই খাত পুনরুদ্ধারে বিনিয়োগ না করে তাহলে এই মসলিন বেহাত হওয়ার সম্ভাবনা আছে।”

চন্দ্রশেখর সাহা বলেন, “মসলিন সুতার কাপড় হলেও অত্যন্ত পাতলা ও সুক্ষ্ম। সুতা তৈরি করা সম্ভব হলে কাপড় তৈরি অসম্ভব নয়। এর জন্য ভালো মানের কারুশিল্পী খুঁজে বের করতে হবে। সেসব অনুসন্ধান করতে হবে।”

তিনি দেশের মসলিন কারুশিল্পীদের দক্ষতা, ভাবনা, অভিজ্ঞতা লিখিত আকারে লিপিবদ্ধ করার আহ্বান জানান।

ফরিদ উদ্দিন বলেন, “সে সময় প্রাকৃতিকভাবে সংগৃহীত তুলা সংরক্ষণের ব্যবস্থা ছিল না। আর সেই ঐতিহ্য আমরা হারিয়েছি দুই থেকে তিনশ বছর আগে। অথচ এটা আমাদের ব্র্যান্ড। এটাকে পুনরুদ্ধারের জন্য সরকারের শক্ত সমর্থন দরকার।”

মুশতাক হাসান ইফতিখার বলেন, “সরকারি ও বেসরকারি উদ্যোগের কাজে সমন্বয় না থাকলে মসলিন রক্ষার কাজ ক্ষতিগ্রস্ত হবে। এখন প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বাজার দখলের চেষ্টা করতে হবে।”

জামদানির মতো মসলিনের পুনরুজ্জীবন করতে যথাসম্ভব সহায়তা শিল্প মন্ত্রণালয় দেবে করবে বলেও তিনি আশ্বাস দেন।

কারো কাছে যদি সত্যিকার মসলিনের কোনো সন্ধান পেলে বাংলাদেশ তাঁত বোর্ডে যোগাযোগ করার পরামর্শ দেন মিজানুর রহমান।