সুবর্ণ জয়ন্তীতে বছরব্যাপী কর্মসূচি উদীচীর
সুবর্ণ জয়ন্তীতে রাজধানী জুড়ে বছরব্যাপী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
বৃহস্পতিবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তিন দিনব্যাপী জাতীয় সাংস্কৃতিক সম্মেলন উদ্বোধনের মাধ্যমে শুরু হবে এই উৎসবের।
‘দ্রোহে বিদ্রোহে বিপ্লবে, গড়ি বিশ্ব সপ্তসুরে’ শিরোনামে হতে যাওয়া সাংস্কৃতিক সম্মেলনটি রোববার পর্যন্ত চলবে বলে মঙ্গলবার সকালে উদীচীর পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়।
শুক্রবার বিকাল ৩টায় সম্মেলন উদ্বোধন করবেন প্রবীণ কৃষক নেতা লোকশিল্পী আব্দুল হাশিম। তিনদিনের অনুষ্ঠানে উদীচী কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি সৈয়দ হাসান ইমাম, কামাল লোহানী ও গোলাম মোহাম্মদ ইদু উপস্থিত থাকবেন।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদীচীর প্রায় ৫০টি জেলা ও শাখার শিল্পীরা ঐতিহ্যসমৃদ্ধ লোক সংস্কৃতির পরিবেশনা নিয়ে উপস্থিত হবেন এই সম্মেলনে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তিন দিনের এই সম্মেলনে থাকছে বাংলার লোক-ঐতিহ্যের গৌরবোজ্জ্বল স্মারক পরিবেশনাগুলো। এর মধ্যে রয়েছে গম্ভীরা, গাজীর গান, অষ্টক, ধামাইল, জারি গান, পালা গান, গণসঙ্গীত, লোক গীতি, আদিবাসী নৃত্য, নৃত্যালেখ্য, গীতি আলেখ্য, নাটক, মুকাভিনয়, আবৃত্তি প্রভৃতি।
উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন বলেন, “নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতির ঐতিহ্য ও ইতিহাস পৌঁছে দেওয়ার প্রত্যয়ে আয়োজিত হতে যাচ্ছে এই সাংস্কৃতিক সম্মেলন।”
প্রতিদিন বিকাল ৩টা থেকে আয়োজিত এ সম্মেলনে বিভিন্ন জেলা ও শাখার পরিবেশনা ছাড়াও থাকবে দেশীয় বাদ্যযন্ত্রের প্রদর্শনীর আয়োজন। যেখানে প্রায় ৪০টি দেশীয় বাদ্যযন্ত্র প্রদর্শিত হবে। থাকবে আলোকচিত্র প্রদর্শনী ও বইয়ের দোকান।
সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অচলায়তন ভেঙে মানুষের মুক্তির প্রশ্নে একটি ‘সর্বব্যাপী সাংস্কৃতিক সংগ্রাম’ গড়ে তোলার লক্ষ্যে ১৯৬৮ সালের ২৯ অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল উদীচী শিল্পীগোষ্ঠী। গত ২৯ অক্টোবর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং একই সঙ্গে সুবর্ণজয়ন্তী বছরে পদার্পন করেছে উদীচী।
এরই মধ্যে উদীচীর সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটি গঠন করা হয়েছে এবং বছরব্যাপী সুবর্ণজয়ন্তী উদযাপনের বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জাতীয় দিবস ও অন্যান্য পালনীয় দিবস ছাড়াও বছরব্যাপী ধারাবাহিকভাবে নানা কর্মসূচি পালিত হবে বলে জানান জামশেদ আনোয়ার তপন।
এগুলোর মধ্যে রয়েছে গান, কবিতা উৎসবের আয়োজন, চলচ্চিত্র উৎসব, গ্রন্থ পাঠ প্রতিযোগিতা, গণসঙ্গীতের কিংবদন্তি শিল্পীদের জীবন ও কর্মভিত্তিক প্রকাশনা ও অনুষ্ঠান আয়োজন, লোক গায়কদের জীবন ও কর্মভিত্তিক প্রকাশনা ও অনুষ্ঠান আয়োজন, উদীচীর ইতিহাস গ্রন্থ প্রণয়ন। এছাড়া
চিত্রশিল্পীদের আঁকা ছবি নিয়ে জাতীয় চারুকলা প্রদর্শনীর আয়োজন, নাট্যোৎসব আয়োজন, সুবর্ণজয়ন্তীর জাতীয় সমাবেশ ও সমাপনী অনুষ্ঠান।
শুরু হচ্ছে বাংলাদেশ শিশু চলচ্চিত্র উৎসব
শিল্পকলা একাডেমির আয়োজনে ২৮ ডিসেম্বর থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে চার দিনব্যাপী বাংলাদেশ শিশু চলচ্চিত্র উৎসব।
২৮ ডিসেম্বর বিকালে জাতীয় চিত্রশালা মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
শিল্পকলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ শিশু চলচ্চিত্র উৎসব উপলক্ষে ৭ সদস্যবিশিষ্ট একটি বাছাই কমিটি গঠন করা হয়েছে। উৎসবে শিশুতোষ ও শিশু নিমার্তাদের চলচ্চিত্র উভয়ক্ষেত্রে প্রদর্শনীর জন্য ৪০টি চলচ্চিত্র বাছাই করেছেন তারা।
শিশুতোষ চলচ্চিত্র ও শিশু নির্মাতাদের চলচ্চিত্র উভয়ক্ষেত্রে আলাদাভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা এবং বিশেষ জুরি পুরস্কার প্রদান করা হবে।
শিশুতোষ চলচ্চিত্রের ক্ষেত্রে ক্রেস্ট ও সনদপত্রের পাশাপাশি শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কারের অর্থমূল্য থাকবে ১ লাখ টাকা, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা ৫০ হাজার টাকা ও বিশেষ জুরি পুরস্কার ২৫ হাজার টাকা।
শিশু নির্মাতাদের চলচ্চিত্রের ক্ষেত্রে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কারের অর্থমূল্য থাকবে ৫০ হাজার টাকা, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা ৩০ হাজার টাকা ও বিশেষ জুরি পুরস্কার ২০ হাজার টাকা। এছাড়া উৎসবের সমাপনী দিনে উৎসবে অংশগ্রহণ করা সবগুলো চলচ্চিত্রের নির্মাতাদের সনদপত্র দেওয়া হবে।
উৎসবে চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি ২৯ ও ৩০ ডিসেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে ‘চলচ্চিত্র অনুধাবন’ শীর্ষক কর্মশালা। এছাড়া ২৯ ডিসেম্বর বিকাল ৪টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে চলচ্চিত্র বিষয়ক একটি সেমিনার হবে, যাতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আমিনুল ইসলাম।
