ছাপচিত্রে সভ্যতার ইতিহাস
উডকাট, লিথোগ্রাফ কিংবা ইনটাগলিও- এই তিন মাধ্যমের ছাপচিত্রে উঠে এসেছে সভ্যতার নানা ইতিহাস।
জ্ঞান-বিজ্ঞানের বিচিত্র শাখায় ছাপচিত্রের ব্যবহারের নানা নমুনা নিয়ে সোমবার রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় শুরু হয়েছে পক্ষকালব্যাপী এক ছাপচিত্র প্রদর্শনী।
প্রদর্শনীর ছবিগুলো এঁকেছেন ৬৫ জন ভারতীয় শিল্পী। তাদের শিল্পকর্মে ইতিহাসের পাশাপাশি উঠে এসেছে সমসাময়িক চিত্রকলার নানা ধারা।
জাতীয় চিত্রশালার ছয় নম্বর গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতের ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টের মহাপরিচালক অদ্বৈত চরণ গড়ানায়েক ও শিল্পী মনিরুল ইসলাম।
অষ্টম শতাব্দীতে বৌদ্ধ ভিক্ষুরা বুদ্ধের বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে তা কাঠের পাটায় খোদাই করে কাগজে ছেপে প্রথম ছাপছবির আবিষ্কার ও প্রচলন ঘটিয়েছিলেন। সেটিই ছিল ইতিহাসের প্রথম ‘ব্লক বুক’। প্রদর্শনীতে উঠে এসেছে সেই ইতিহাস। পরে সে ধারা বেয়ে ভারতীয় উপমহাদেশে মুদ্রণ শিল্পেও বড় ভূমিকা রাখে এই ছাপচিত্র।
ছাপচিত্রের প্রথম শ্রেণিতে রয়েছে প্লেট বা উপকরণের উপরিভাগে লাগানো রঙের ব্যবহারে তৈরি ছবি, যেমন উডকাট ও লিথোগ্রাফ। এখানে শিল্পীরা রঙ ব্লকের উপরিভাগে দিয়ে খোদাই করা অংশের শূন্যতা সাদায় পরিস্ফুট করে ছবি বা নকশা ফুটিয়ে তুলেছেন। ছাপচিত্রের দ্বিতীয় শ্রেণিতে রয়েছে ইনটাগলিও পদ্ধতি, যেখানে অন্তর্গত রেখার সমাহারে ফুটিয়ে তোলা হয়েছে ছবিগুলো। শিল্পীরা জানান, সাধারণত এসিড দিয়ে কপার বা জিঙ্ক প্লেটে এসব লেখা পরিস্ফুট করা হয়।
প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা এবং শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
গানে গানে সঞ্জীব চৌধুরী স্মরণ
‘গাড়ি চলে না চলে না, চলে না রে’, ‘স্বপ্নবাজি’সহ নানা গানে বহতা জীবনের বিচিত্রতার কথা বলে গেছেন সঞ্জীব চৌধুরী। প্রয়াত এই শিল্পীর জন্মদিন উপলক্ষে আয়োজিত ষষ্ঠ সঞ্জীব উৎসবে সেই গানগুলো দিয়েই তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তার ভক্ত, অনুরাগীরা।
সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয় গানের এই উৎসব।
সঞ্জীব চৌধুরী উৎসব পর্ষদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের আয়োজন গানের দল ‘ক্ষ্যাপা, চিৎকার, সিনা হাসান এন্ড বাংলা ফাইভ, অনুরণ, অর্জন’ পার্পল রেইন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ, গানকবি’র পাশাপাশি এতে একক পরিবেশন করে ডি রকস্টার শুভ, জয় শাহরিয়ার, সন্ধি, সভ্যতা, তরুণ প্রমুখ।
