লতিফুর রহমানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক মো. লতিফুর রহমান খান মরুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, “লতিফুর রহমান খান আইনজীবী হিসেবে সবসময় আইনের শাসন প্রতিষ্ঠায় সোচ্চার ছিলেন। এছাড়া বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনেও তিনি প্রশংসনীয় অবদান রেখেছেন।”
রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস উইং থেকে জানানো হয়, লতিফুর রহমান রোববার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
রাষ্ট্রপতি শোকবার্তায় মরহুমের বিদেহি আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
