সাফ অনূর্ধ্ব-১৫ শিরোপাজয়ী মেয়েদের প্রধানমন্ত্রীর অভিনন্দন
সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের শিরোপা জেতা বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চট্টগ্রাম সফরে থাকা প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম রোববার বিকালে সাংবাদিকদের জানান, বিজয়ী দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাসহ সবাইকে ধন্যবাদ দিয়েছেন প্রধানমন্ত্রী।
“জয়ের এই ধারা যেন অব্যাহত থাকে সেই আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।”
রোববার বিকালে এই টুর্নামেন্টের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় বাংলাদেশের মেয়েরা।
এ প্রতিযোগিতায় কোনো গোল না খেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের কিশোরী ফুটবলাররা।
নেপালকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়ার পর লিগের দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে বাংলাদেশ জিতেছিলেন ৩-০ ব্যবধানে। লিগের শেষ ম্যাচেও ভারতকে ৩-০ গোলে হারিয়েছিল তারা।
