‘কম চেনা বড় মানুষ’ কবি আবদুল কাদির
বাংলা কাব্য সাহিত্য ও নজরুল-গবেষণায় উল্লেখযোগ্য অবদান রেখে যাওয়া ছান্দসিক কবি আবদুল কাদিরকে স্মরণ করতে গিয়ে অধ্যাপক-গবেষকরা বলেছেন, বাংলা সাহিত্যে তার অনেক অবদানের কথা পাদপ্রদীপের আলোকেই আসেনি। তাদের ভাষ্যে কবি আবদুল কাদির একজন ‘কম চেনা বড় মানুষ’।
কবি আবদুল কাদিরের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাহিত্য সাময়িকী কালের ধ্বনি শনিবার বিকালে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে আয়োজন করে স্মরণসভার। সভায় কবি আবদুল কাদিরকে নিয়ে গ্রন্থিত বিশেষ সংখ্যা ‘কম চেনা বড়ো মানুষ’ এর পাঠ উন্মোচনও হয়।
নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সভাপতি এমিরেটাস অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে স্মরণসভায় যোগ দেন বাংলা একাডেমির সভাপতি এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক হাবিব আর রহমান, অধ্যাপক সলিমুল্লাহ খান, প্রাবন্ধিক মামুন সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন কবির মেয়ে অধ্যাপক রোকসানা কাদির ও কালের ধ্বনি সম্পাদক ইমরান মাহফুজ।
অধ্যাপক, প্রাবন্ধিক হাবিব আর রহমান কবি আবদুল কাদিরকে ‘রেনেসাঁর মানব’ হিসেবে উল্লেখ করে বলেন, “কবি আবদুল কাদিরকে যেভাবে স্মরণ করা উচিৎ, তাকে আসলে সেভাবে করা হয়নি। বাংলা একাডেমিতে তার নামে একটি গবেষণাকেন্দ্র স্থাপন করা হলেও তাকে নিয়ে রচনাবলী প্রকাশ আজও হয়নি।”
পরে আবদুল কাদিরের মেয়ে রোকসানা কাদিরও তার বাবার রচনাবলীর সংকলনটি প্রকাশ করতে বাংলা একাডেমির প্রতি অনুরোধ জানান।
সভাপতির ভাষণে অধ্যাপক রফিকুল ইসলাম কবি আবদুল কাদিরকে ‘ছান্দসিক ও বিচিত্র কবি’ হিসেবে উল্লেখ করে বলেন, “বাংলা সাহিত্য সম্পর্কে তার জ্ঞানের কোনো সীমা ছিল না।”
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনাবলী সংগ্রহ ও সম্পাদনা কবি আবদুল কাদিরের সবচেয়ে ‘গুরুত্বপূর্ণ কাজ’ বলে উল্লেখ করেন তিনি।
“পরে নজরুল রচনাবলী প্রকাশের ক্ষেত্রে আবদুল কাদিরের নজরুল জীবনী মূল তথ্য ভান্ডার হিসেবে কাজ করেছে।”
কবি হিসেবে মূল্যায়ন করতে গিয়ে রফিকুল ইসলাম বলেন, “আধুনিক ও প্রচলিত কাব্যধারার মাঝামাঝি জায়গায় ছিলেন আবদুল কাদির। বাংলা কবিতার ছন্দের বিচারে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি ছিল।”
আলোচনায় অংশ নিয়ে অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, “কবি আবদুল কাদির কোনো তোষামোদী লেখক নন। সত্য প্রকাশের ক্ষেত্রে এক চুল পরিমাণ ছাড় দিতেন না। সেক্যুলারিজম ইস্যুতে তিনি কাজী আবদুল ওদুদ ও কাজী নজরুল ইসলামের মধ্যে সেতুবন্ধন রচনা করেছিলেন।”
পরে ‘কম চেনা বড়ো মানুষ’ সংকলনের নানা ত্রুটি নিয়ে আলোকপাত করেন অধ্যাপক আনিসুজ্জামান।
তিনি বলেন, “সংকলনটিতে ঔদাসিন্য ও অবহেলাজনিত ভুল এতই যে এটি মূল্য হারিয়েছে। আবদুল কাদির সম্পর্কে উল্লেখযোগ্য প্রবন্ধ ও তার চিঠিপত্রের সংকলন-মূল্যবান কাজ। কিন্তু কবিকে শুধু কবিতায় সীমাবদ্ধ রাখা হয়েছে, তার প্রবন্ধ ও সাহিত্য সমালোচনা প্রসঙ্গে কোনো প্রবন্ধ অন্তর্ভুক্ত হয়নি।”
কালের ধ্বনি’র বিশেষ গ্রন্থনা ‘কম চেনা বড়ো মানুষ’ সংখ্যাটিতে আবদুল কাদিরের ছন্দ, কবিতা, গবেষণা, সম্পাদনা, নজরুল গবেষণা সাহিত্য , জীবন দর্শন ও সাময়িকী সম্পাদনা (শিখা, জয়তী ও মাহে নাও) বিষয়ে মোট ৭১টি প্রবন্ধ সংকলিত হয়েছে। এছাড়া বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, মোজাফফর আহমেদ, কবি কাজী নজরুল ইসলাম, আবুল ফজলসহ বাংলা সাহিত্যের সেরা লেখকদের আবদুল কাদিরকে লেখা দুর্লভ ১১১ চিঠি, সাক্ষাৎকার এবং স্মৃতিচারণ ও ছবি রয়েছে।
বিশেষ সংখ্যাটির প্রচ্ছদ করেছেন মনন মরশেদ, পৃষ্ঠা ৫৮০, দাম ৪০০ টাকা।
