২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাস জঙ্গিবাদ মাদকের বিরুদ্ধে প্রচারে নামছে ঢাবি শিক্ষার্থীরা

সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও বালবিবাহের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির মাধ্যমে সমাজ বদলের অঙ্গীকার নিয়ে গ্রামে গ্রামে প্রচারে নামছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক দল শিক্ষার্থী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2017, 04:02 PM

Updated : 11 Oct 2022, 02:52 PM

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২৫ থেকে ৩০ ডিসেম্বর এই প্রচারাভিযানে অংশ নেবে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ৬১০ জন শিক্ষার্থী, এর মধ্যে ৩৮৫ জন ছাত্রী।

দেশের আট বিভাগের ৬০টি জেলার ১২০০ শিক্ষা প্রতিষ্ঠান ও ১৬০০ গ্রামে এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব রঞ্জন কর্মকার।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে প্রচারাভিযানের বিস্তারিত তুলে ধরেন তিনি।

লিখিত বক্তব্যে রঞ্জন কর্মকার জানান, শিক্ষার্থীদের সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করার লক্ষ্যে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে গ্রাম ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রচারাভিযানে স্লোগান ঠিক করা হয়েছে- ‘যার যার ধর্ম তার তার কাছে, বিভেদ নয় নিজেদের মাঝে-সব কাজে গর্ব আছে, নিজের কাজে দেশ বাঁচে’।

প্রচারাভিযানের আহ্বায়ক সংগঠনের সদস্য ও বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বলেন, “বাচ্চাদের আমরা এখন বাক্সের মধ্যে ঢুকিয়ে রেখেছি। এই অবস্থা থেকে আমরা বের হয়ে আসতে চাই।

“আর টাকার অভাবে কোনো শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পাড়বে না, এটা হতে পারে না। আমাদের ছেলে-মেয়েরা স্কুল কলেজ পর্যায়ে কেউ যাতে বঞ্চিত না হয়, সেজন্য ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন কাজ করে যাচ্ছে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এগিয়ে এলে সমাজ বদলে যাবে আশা প্রকাশ করে তিনি বলেন, “আমার বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে কাউন্সিলিং দিলে সমাজে আমুল পরিবর্তন আসবে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের দপ্তর সম্পাদক গোপাল চন্দ্র দেবনাথ, কার্যকরী সদস্য মো. নাসিরউদ্দিন মাহমুদ, কাজী মোয়াজ্জেম হোসেন, এস কে সালাহ উদ্দিন আহমেদ, তাপস চন্দ্র পাল।