২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইভিএমের কেন্দ্রে জয়ী লাঙ্গল

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের যে কেন্দ্রে নতুন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়েছে, তার ফলাফল প্রায় সঙ্গে সঙ্গে পাওয়া গেছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2017, 06:03 PM

Updated : 12 Apr 2022, 12:57 AM

বৃহস্পতিবার বিকালে ভোটগ্রহণ শেষের ৪৫ মিনিটের মাথায় কেন্দ্রটির ফলাফল জানান প্রিজাইডিং কর্মকর্তা; যেখানে ইভিএম নিয়ে ভোটারদের মধ্যে উচ্ছ্বাস ছিল সকাল থেকে।

এই কেন্দ্রে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা পেয়েছেন ৬৭৪টি।

নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দীন আহমেদ ঝন্টু ৩৩৪টি এবং ধানের শীষে বিএনপির প্রার্থী কাওসার জামান বাবলার ১১৭টি ভোট।

অন্যদের মধ্যে মই প্রতীকে বাসদের আবদুল কুদ্দুস ২১, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের এ টি এম গোলাম মোস্তফা বাবু ৬১, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির সেলিম আখতার ৯ এবং হাতি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিফ ১১ ভোট পেয়েছেন।

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রংপুর সিটির ১৯২টি কেন্দ্রে সনাতন পদ্ধতিতে ভোটগ্রহণ হলেও ২৫ নম্বরের ওয়ার্ডের ১৪১ নম্বর কেন্দ্রে ভোট নেওয়া হয় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

সরকারি বেগম রোকেয়া কলেজে স্থাপিত এই কেন্দ্রের ছয়টি বুথে ইভিএমে ভোটগ্রহণ করা হয়।

এই কেন্দ্রের মোট ২ হাজার ৫৯ জনের ভোটারের মধ্যে ১২৫২ ভোট দিয়েছেন বলে জানান প্রিজাইডিং কর্মকর্তা আজহারুল ইসলাম দুলাল; যা মোট ভোটের ৬০ দশমিক ৮১ শতাংশ।

২০১২ সালের সিটি নির্বাচনেও রংপুরে বুয়েটের তৈরি পুরনো ইভিএমে স্বল্প পরিসরে ভোট হয়েছিল। সেই প্রকল্প পরে বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির সহযোগিতায় ইসির নিজস্ব উদ্যোগে তৈরি নতুন ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) প্রথম পরীক্ষা রংপুরেই করা হয়।

এতে সফল হওয়ায় সন্তুষ্ট সিইসি কে এম নূরুল হুদাও।