রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুইজনের মৃত্যু
রাজধানীর মহাখালী রেলক্রসিং ও বনানী রেলস্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১১টার মধ্যে দুটি দুর্ঘটনা ঘটে বলে ঢাকা রেলওয়ে থানার ওসি আলী আকবর জানিয়েছেন ।
আনুমানিক ৪৫ বছর বয়সী নারী ও ৩০ বছর বয়সী পুরুষের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি আলী আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহাখালী রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়েন ওই নারী।
“আর পুরুষটি মারা যান বনানী রেল স্টেশনের উত্তরপাশে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে।”
লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
