২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ কর্মকর্তা হামিদুরের বিরুদ্ধে মামলা খারিজ

জাতিসংঘের বাংলাদেশি কর্মকর্তা হামিদুর রশীদের বিরুদ্ধে গৃহকর্মী ঠকানো ও ভিসা জালিয়াতির মামলা খারিজ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2017, 12:17 PM

Updated : 12 Apr 2022, 12:57 AM

অভিযোগের সত্যতা না পাওয়ায় নিউ ইয়র্কের ফেডারেল কোর্টের বিচারক অ্যান্ড্রু জে প্যাক গত ২০ নভেম্বর মামলাটি খারিজ করে হামিদুর রশীদকে অভিযোগ থেকে অব্যাহতি দেন। তবে বিষয়টি সংবাদমাধ্যমে আসে মঙ্গলবার।

বিদেশি কর্মী নিয়োগের চুক্তিতে জালিয়াতি এবং ভিসা ও পরিচয় জালিয়াতির অভিযোগে হামিদুরকে গত ২০ জুন সকালে তার ম্যানহাটনের বাসা থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

গ্রেপ্তারের সাত ঘণ্টা পর একইদিন শর্ত সাপেক্ষে জামিন পেয়েছিলেন জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপির ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি অ্যানালাইসিস ইউনিটের প্রধান এই বাংলাদেশি।

ওই ঘটনার পাঁচ মাস পর নিউ ইয়র্কের সাদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল কোর্ট সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে রায় দেয়।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি অফিসের প্রধান জনসংযোগ কর্মকর্তা জেমস এম মারগলিন মঙ্গলবার হামিদুর রশীদের অব্যাহতি পাওয়ার বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

অভিযোগকারী বাংলাদেশি গৃহকর্মীর ভাষ্য ছিল, ২০১৩ সালের শুরুতে তিনি হামিদুরের বাসায় কাজ শুরুর পর চুক্তি অনুযায়ী পারিশ্রামিক না পাওয়ায় ওই বছরই বাসা ছেড়ে চলে যান।

অভিযোগে বলা হয়, সপ্তাহে ৪২০ ডলার মজুরিতে নিয়োগের চুক্তি করে গৃহকর্মীর ভিসার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে চুক্তিপত্র দাখিল করেন হামিদুর। ২০১৩ সালের জানুয়ারিতে গৃহকর্মী যুক্তরাষ্ট্রে পৌঁছালে তিনি নতুন একটি চুক্তিতে তার সই নেন, যেখানে সাপ্তাহিক মজুরি ২৯০ ডলার লেখা হয়।

হামিদুর রশীদ ওই গৃহকর্মীর পাসপোর্ট নিয়ে নেন এবং অন্য কোথাও কাজ করলে তাকে প্রথমে কারাগারে ও পরে বাংলাদেশে ফেরত পাঠানোর হুমকি দেন বলে অভিযোগ করা হয় মামলায়।

হামিদুর প্রথম দিকে ওই গৃহকর্মীর হাতে কোনো টাকা দেননি অভিযোগ করে মামলায় বলা হয়, ২০১৩ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত কাজের জন্য বাংলাদেশে তার স্বামীকে মাসে ৬০০ ডলারের সমপরিমাণ টাকা পাঠাতেন। ওই বছর অক্টোবরে সরাসরি তার হাতে ৬০০ ডলার দেন।

ইউএনডিপির এই বাংলাদেশি কর্মকর্তা কখনোই তার গৃহকর্মী বা তার স্বামীকে মূল চুক্তি অনুযায়ী সপ্তাহে ৪২০ ডলার দেননি বলেও অভিযোগ করা হয়।

মামলায় বলা হয়, গৃহকর্মীকে যথাযথ বেতন দেওয়া হচ্ছে দেখাতে তার নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া হলেও তা আসলে হামিদ ও তার স্ত্রী নিয়ন্ত্রণ করতেন।

কাজ ছেড়ে চলে যাওয়ার চার বছর পর কেন মামলা করা হল- আদালতে সেই প্রশ্ন তুলে হামিদুরের পক্ষ থেকে চুক্তি অনুযায়ী পারিশ্রমিক দেওয়ার প্রমাণপত্র দেখানো হয়। তাতে সন্তুষ্ট হয়ে বিচারক মামলাটি খারিজ করে দেন।

হামিদুর রশীদকে গ্রেপ্তারের খবরটি সে সময় যুক্তরাষ্ট্রের মূলধারার সংবাদ মাধ্যমে ফলাও করে ছাপা হয়েছিল। আদালতের রায়ে তার অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার বিষয়টি বাংলাদেশি কূটনীতিকদের জন্য ‘এক ধরনের বিজয়’ বলে মন্তব্য করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি যে, আদালত থেকে সসম্মানে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণের আগেই হামিদুরকে দোষী সাব্যস্ত করা হয়। মিডিয়ায় নেতিবাচক সংবাদে বাংলাদেশিরাও বিব্রত হয়েছেন। এখন স্পষ্ট হল যে, হামিদুর রশীদ কোনো অন্যায় করেননি।”

পুরনো খবর:

জাতিসংঘের বাংলাদেশি কর্মকর্তা হামিদুর রশীদ জামিনে মুক্ত
নিউ ইয়র্কে গৃহকর্মীকে ‘ঠকানোয়’ জাতিসংঘের বাংলাদেশি কর্মকর্তা গ্রেপ্তার