এবার ঢাকায় গোলমেলে পরিস্থিতিতে স্কুলশিক্ষার্থী-অভিভাবকরা
চট্টগ্রামে মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলিত হয়ে ১০ জনের মৃত্যুর পরদিন ঢাকায় এক অনুষ্ঠান শেষে বিশৃঙ্খল অবস্থার মধ্যে পড়েছেন সারা দেশ থেকে আসা কয়েক হাজার স্কুলশিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
স্বর্ণকিশোরী সম্মেলন উপলক্ষে সারা দেশের সাড়ে চার হাজার কিশোরীকে ধানমণ্ডির সুলতানা কামাল জাতীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে সমবেত করেছিল স্বর্ণকিশোরী ফাউন্ডেশন।
দুই দিনব্যাপী এই আয়োজন শেষ হয় মঙ্গলবার বিকালে;মেয়েকে নিতে কয়েক হাজার অভিভাবক জড়ো হন ওই কমপ্লেক্সের দুই ফটকের সামনে। তবে কোন দিক দিয়ে কখন কোন এলাকার মেয়েরা বেরোবে সে নির্দেশনা দেওয়া হয়নি, তাদের অনেকের কাছে মোবাইলও ছিল না।
ভিড় ঠেলে বেরিয়ে বাবা, মাকে না পেয়ে কাঁদতে থাকেন অনেক কিশোরী। অপরদিকে ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে মেয়ের খোঁজ করেন অভিভাবকরা।
এই হয়রানির জন্য আয়োজকদের অব্যবস্থপনাকে দায়ী করেছেন শিক্ষার্থী-অভিভাবকরা। তবে আয়োজক সংগঠনের কর্ণধার বলেছেন, এটা হতেই পারে, এমন ‘মেস’ মুক্তিযুদ্ধেও হয়েছে।
বিকাল পৌঁনে ৬টায় ওই কমপ্লেক্স থেকে বেরিয়ে বাবাকে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন ফেনির বশিরহাট আবু বকর বিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত হোসেন।
প্রায় এক ঘণ্টা পরে ফোনে যোগাযোগ করে খুঁজে পান বাবাকে। মেয়েকে খুঁজে পেয়ে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন বাবা কাজী বশির।
ক্ষুব্ধ এই অভিভাবক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাইরে সব অভিভাবকরা বাচ্চাকে নেওয়ার জন্য ভিড় করে আছে। সবগুলা জেলা থেকেই তো মেয়েরা আসছে। বাইরে এত ভিড় ছিল, চাপা পড়লে তো মারা যেতাম।
“তারা যদি সুষ্ঠু ব্যবস্থাপনা করতে না পারে, তাহলে আমাদের মেয়েদের ডেকে নিয়ে আসল কেন? আজকে আমার মেয়েটার কিছু হলে এর দায়িত্ব কে নিত? এটা আয়োজকদের ব্যর্থতা। তারা সুষ্ঠু ব্যবস্থাপনা করতে না পারলে আয়োজন করতে গেল কেন?”
মেয়েদের কীভাবে কোথা থেকে নিয়ে যাবেন-সে বিষয়ে তাদের কিছুই বলা হয়নি বলে অভিযোগ করেন অভিভাবকরা।
বিকাল সাড়ে ৫টা থেকেই ক্রীড়া কমপ্লেক্সের ১ নম্বর ফটকের সামনে প্রচণ্ড ভিড় লেগে যায়। ভিড়ের মধ্যে নড়াচড়ার সুযোগ না মেলায় কীভাবে কোথা থেকে সন্তানদের নিয়ে যাবেন তা নিয়ে সন্দিহান হয়ে পড়েন অভিভাবকরা।
ওই ভিড়ের মধ্য দিয়েই নিরাপত্তাকর্মী ও প্রশাসনের দুটি গাড়ি ১ নম্বর ফটক দিয়ে কমপ্লেক্সের ভিতরে ঢুকতে গেলে চাপে পড়ে যান তারা।
এক পর্যায়ে ফটক ঠেলে কমপ্লেক্সের ভিতরে ঢুকে সন্তানের খোঁজ করতে থাকেন অভিভাবকরা।
এই পরিস্থিতিতে চট্টগ্রামের ঘটনা স্মরণ করিয়ে দেন শরীয়তপুর থেকে আসা জাহাঙ্গীর আলম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ অবস্থার মধ্যে কীভাবে মেয়েকে নিয়ে যাব? কালকে পায়ের চাপা পড়ে ১০ জন মানুষ মারা গেছে। অথচ আজকে এখানে সেই একই অবস্থা।
“আগে জানলে আমার মেয়েকে কখনও এখানে পাঠাতাম না। কোনো পুরস্কারের দরকার নাই, জান নিয়ে বেঁচে যেতে পারলেই শান্তি।”
আয়োজকদের প্রতি ক্ষুব্ধ নড়াইল থেকে আসা নবম শ্রেণির এক শিক্ষার্থীর মা যুথি ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগের দিন দুপুরে আমাদের বাচ্চাদের ঢোকানোর সময় কত আদর করে নিছে। অথচ এখন তো ফোনই ধরছে না। মেয়ের কাছে তো মোবাইলও নাই। মোবাইলও নিতে দেয় নাই। কীভাবে আমার মেয়েকে পাব?
“আমাদের সন্তানের কি কোনো দাম নাই? ওরা যদি ম্যানেজ করতে না পারে, তাহলে কেন বাচ্চাদের এখানে আনতে বলল?
“রাতে তো ওদের ফ্লোরে ঘুমাতে দিছে। খাবারও পায় নাই অনেকে। আগে জানলে নিয়েই আসতাম না।”
সন্ধ্যা পৌঁনে ৭টায় ফটকে দেখা যায় আরেক মা-মেয়ের কান্না। তাদের পাশে দাঁড়িয়েছিলেন মেয়েটির বাবা সিদ্দিকুর রহমান।
মেয়েকে নিতে কুমিল্লা থেকে এসেছেন জানিয়ে তিনি বলেন, “মেয়েকে খুঁজতে গিয়ে মা হারায় গেছে। অনেক খুঁজে তাকে মাঠ থেকে পেয়েছি। মেয়েকে পেয়েছি অনেকক্ষণ পরে। ওর মা ভয় পেয়ে গেছিল। মেয়েকে না পেয়ে কান্না শুরু করেছে।
এই অব্যবস্থপনা কেন জানতে চাইলে আয়োজক স্বর্ণকিশোরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হট্টগোল কোথায় হলো? কী হইছে এখানে? বাবা আছে, বাচ্চা আছে, লাইট দেওয়া হবে, তারা বাচ্চাদের নিয়ে যাবে।
“একটা মেসআপ হতেই পারে, মুক্তিযুদ্ধের সময়ও অনেক মেসআপ হয়েছিল।”
এই আয়োজনে ফাউন্ডেশনের সঙ্গে স্বর্ণকিশোরী নেটওয়ার্ক, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নেশন (গেইন) ও চ্যানেল আই। সারা দেশের ৪৫৫৫টি ইউনিয়নের ১ জন করে মোট ৪৫৫৫ কিশোরী এতে অংশ নেয়।
এবার স্বর্ণকিশোরীর চতুর্থ কনভেনশনে সদ্য জেএসসি পাশ করা বরিশালের সাদিয়া ইসলাম তোয়া হন ২০১৭ সালের স্বর্ণকিশোরী। রানার আপ হয়েছেন সিলেটের জান্নাতুল ফেরদৌস।
এছাড়া আরও ছয়জন স্বর্ণকিশোরী মনোনীত হযেছেন। তারা হলেন- ময়মনসিংহের ফাতিমা সাবাহ, রাজশাহীর সাদিয়া ইসলাম, ঢাকার সানজিদা হক, রংপুরের নাফিসা আলী, খুলনার সাদিয়া ইসলাম এবং চট্টগ্রামের সীমা আক্তার।
বিজয়ীদের শিক্ষাবৃত্তি ও ট্যাব উপহার দেওয়া হয়। এছাড়া প্রতিটি বিভাগের আটজন করে ৬৪ জনকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়।
