ক্রিকেট যেখানে ঘুরে দাঁড়ানোর হাতিয়ার
কারও হাত নেই, কারও নেই পা, কারও হাত পা থাকলেও এগুলোর উপর নিয়ন্ত্রণ নেই; এ ধরনের প্রতিবন্ধতা লুকিয়ে রাখতে চাইলেও এখন ক্রিকেটের মাধ্যমে সেই বৃত্ত ভেঙে বেরিয়ে আসছেন একদল তরুণ-যুবা। ক্রিকেটকে হাতিয়ার করে তারা বদলে ফেলছেন তাদের জীবনের গল্প।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে গিয়ে দেখা যায় এমন একদল তরুণ-যুবাকে। শারীরিক নানা প্রতিবন্ধকতা জয় করেই জমজমাট দুটো ম্যাচ উপহার দেন তারা।
একটি খেলায় বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ফিজিক্যালি চ্যালেঞ্জড (বিসিএপিসি) ৮ উইকেট হারিয়ে ১৯৮ রান করে। এই স্কোর তাড়া করতে গিয়ে ঢাকার আরদ্রিদ ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টিম ৯ উইকেটে ১০৪ রান করতে সমর্থ হয়। বিসিএপিসির জাভেদ ম্যাচ অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
ইন্টারন্যাশনাল কমিটি অফ রেডক্রসের (আইসিআরসি) আয়োজনে চলমান টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০১৭’র অংশ হিসেবে এই দুটো খেলা হয়।
মাঠে যখন জমজমাট এই খেলা চলছে; তখন গ্যালারিতে পাওয়া গেল ব্রাহ্মণবাড়িয়ার ছেলে শেখ মোহাম্মদ শফিকুল ইসলামকে। তার প্রতিবন্ধকতা এক দৃষ্টিতেই চোখে পড়ার মতো, তার বাম পা নেই।
তার এই প্রতিবন্ধকতা জন্ম থেকে নয়। চতুর্থ শ্রেণি পর্যন্ত তিনি ছিলেন অন্য সবার মতোই। এক সড়ক দুর্ঘটনা কেড়ে নেয় তার একটি পা।
এত বড় ধাক্কায় মুষড়ে পড়লেও তা ঠেলে জীবনে ফিরে আসতে খুব বেশি সময় নেননি শফিকুল।
শৈশবে তিনি ভালোবাসতেন ক্রিকেট খেলতে; তাই এই খেলা দিয়েই শারীরিক প্রতিবন্ধকতা জয় করতে নামেন তিনি।
সবশেষে ব্রাহ্মণবাড়িয়ার ড্রিম ফর ডিজেবিলিটি ফাউন্ডেশন ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেট টিমে সুযোগ পান তিনি। চলতি বছরের এপ্রিলে হুইল চেয়ার ক্রিকেট খেলতে ভারতেও যান। সেখানে সিরিজ জয়ী খেলায় তিনি হন ম্যাচসেরা।
ক্রিকেট যাত্রার এই সময়ে পড়াশোনাও ঠিক রাখেন শফিকুল। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর স্কুল ও কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বেড়া অতিক্রমের পর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে স্নাতক শেষ করে পর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে নেন স্নাতকোত্তর ডিগ্রি।
শফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি চাই, অন্য প্রতিবন্ধীরাও যেন মন ছোট না করে। চেষ্টা করলে তারাও খেলতে পারবে।”
ক্রিকেট খেলার ইতিবাচক দিক তুলে ধরে তিনি বলেন, “এখন বিশ্বাস করি, নিজের এবং অন্য শারীরিক প্রতিবন্ধীদের জন্য একটা প্ল্যাটফর্ম দিতে পারব।”
যে প্রকল্পের মাধ্যমে ইন্টারন্যাশনাল কমিটি অফ রেডক্রস শারীরিক প্রতিবন্ধীদের ক্রিকেট নিয়ে কাজ করে, আইসিআরসির ফিজিক্যাল রিহেবিলিটেশন প্রকল্পের অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার মো. মাহফুজুর রহমান এই কাজের শুরুর সময়ের স্মৃতিচারণ করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৩ সালে সিআরপিকে একটি শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দল গঠনে সহায়তা করার মাধ্যমে আইসিআরসি প্রতিবন্ধী ক্রিকেট নিয়ে কাজ শুরু করে।
তখন ১১ জন খেলোয়াড় জোগাড় করতে বেশ বেগ পেতে হয়েছিল মাহফুজকে।
“দল গঠনের পর ভারত থেকে একটি দল এসে ফ্রেন্ডশিপ টুর্নামেন্ট খেলে যায়। এরপর আমরা জনপ্রিয় এই খেলা প্রতিবন্ধীদের স্বার্থে কাজে লাগানোর সিদ্ধান্ত নিই।”
একে একে বিভিন্ন খেলার স্মৃতিচারণ করে মাহফুজ বলেন, “সবশেষে আমরা এখন এই টুর্নামেন্টের আয়োজন করলাম। এখান থেকে জাতীয় দলের খেলোয়াড় বাছাই করা হবে।”
এবারের টুর্নামেন্টে ছয়টি দল অংশ নিচ্ছে, প্রতিটিতে ১৫ জন করে মোট ৯০ জন খেলোয়াড় এসেছে।
মাহফুজ বলেন, “তিন বছর আগে একটা টিম গঠন করতে আমাদের কষ্ট হত, সেখানে আজ ছয়টা টিম খেলছে।
“মানুষ এখন এটা নিয়ে জানতে চায়। শারীরিক প্রতিবন্ধী যারা আছে, অভিভাবক পর্যায়েও তারাও জানতে চাইছে, এই খেলায় অংশ নিলে তাদের সন্তানরা কোথায় কোচিং পাবে, কীভাবে তারা এই খেলায় জাতীয় দলে অংশ গ্রহণের সুযোগ পাবে।”
