২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে কাজ করছে তুরস্ক’

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গারা যাতে সম্মানের সঙ্গে নিজ দেশে ফিরতে পারে সেজন্য তুরস্ক কাজ করছে বলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে জানিয়েছেন সফররত দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2017, 09:43 PM

Updated : 11 Oct 2022, 02:51 PM

মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে ইলদিরিম একথা জানান।

বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তুরস্কের প্রধানমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে বলেন, তুরস্কে ইতেমধ্যে তিন মিলিয়ন শরণার্থী আছে। বাংলাদেশে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সহযোগিতার জন্য তারা পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে।

রোহিঙ্গারা যাতে নিজ দেশে সম্মানের সাথে ফিরতে পারে সে লক্ষ্যে তাদের প্রচেষ্টা অব্যহত থাকবে বলেও রাষ্ট্রপতিকে জানান তুরস্কের প্রধানমন্ত্রী।”

এর আগে সন্ধ্যার ৭টার পরে তুরস্কের প্রধানমন্ত্রী ইলদিরিম বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

দুই দিনের সরকারি সফরে সোমবার রাতে ঢাকা পৌঁছান তুরস্কের প্রধানমন্ত্রী। মঙ্গলবার সকালে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বুধবার সকালে কক্সবাজারে যাবেন বিনালি ইলদিরিম। সেখানে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। সফর শেষে বুধবারই কক্সবাজার থেকে তুরস্কে রওনা হওয়ার কথা রয়েছে তার।

রাষ্ট্রপতির প্রেস সচিব বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, তুরস্ক এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক অত্যন্ত চমৎকার। তিনি রোহিঙ্গা ইস্যুতে তুরস্কের ‍ভূমিকার কথা উল্লেখ করে বলেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তায় তুরস্কের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।”

গত সেপ্টেম্বরে কাজাখস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠিত ওআইসসি বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলনে ওআইসির চেয়ার হিসেবে তুরস্কের প্রেসিডেন্টের ভূমিকার প্রশংসা করেন এবং সম্প্রতি ইস্তাম্বুলে অনুষ্ঠিত ওআইসির বিশেষ সম্মেলন আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতি ওআইসির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক অ্যাসিসট্যান্ট সেক্রেটারি জেনারেল পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে তুরস্কের সমর্থন চান।

তুরস্কের প্রধানমন্ত্রী বলেন, তুরস্ক-বাংলাদেশের বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক অত্যন্ত চমৎকর। তুরস্কের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিশেষ করে তৈরি পোশাক খাতে বিনিয়োগে অত্যন্ত আগ্রহী।

তিনি দুই দেশের বাণিজ্য-বিনিয়োগ সম্ভাবনাকে কাজে লাগাতে যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে বলেন, ২০১৮ সালের এপ্রিলে আঙ্কারায় অনুষ্ঠেয় জয়েন্ট ইকনোমিক কমিশনের বৈঠকে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

তিনি আরও বলেন, দুই দেশের সংসদ ও জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধির জন্য পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠন করা হয়েছে।

বঙ্গভবনে এই সাক্ষাতের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব শহীদুল হকসহ রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।