২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে সাত প্রতিষ্ঠান বন্ধ করেছে রাজউক

আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম চালানোয় ঢাকার বনানীতে সাতটি প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2017, 08:58 PM

Updated : 12 Apr 2022, 12:56 AM

রাজউকের আরেক অভিযানে গুলশানের নিকেতন এলাকার ২৫টি বাড়ির সামনের অবৈধ র‌্যাম্প ভেঙে দেওয়া হয়েছে।

রাজউকের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমানের নেতৃত্বে মঙ্গলবার বনানীর ১১ নম্বর সড়কে অভিযান পরিচালিত হয়।

ওই সড়কের ৭৮ নম্বর হোল্ডিংয়ের ছয়তলা আবাসিক ভবনে গড়ে তোলা একটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস, দোকান ও বিউটি পার্লার হিসেবে ব্যবহৃত চারটি ফ্ল্যাট সিলগালা করা দেওয়া হয়। এ সময় এসব ফ্ল্যাটের গ্যাস ও বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়।

এছাড়া এফ ব্লকের ২৪ নম্বর হোল্ডিংয়ের ভবনের প্রথম ও দ্বিতীয় তলার তিনটি দোকান সিলগালা করে দেয় টাস্কফোর্স।

এ বিষয়ে রাজউকের পরিচালক খন্দকার অলিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বনানীর ১১ সড়কটি বাণিজ্যিক সড়ক। এখানে বাণিজ্যিক কার্যক্রম চালাতে হলে অনুমোদন নিতে হয়। কিন্তু এসব প্রতিষ্ঠান আবাসিক ভবনে ব্যবসা করছিল, তাদের কারও বাণিজ্যিক অনুমতি নেই। তাই এগুলো সিলগালা করে দেওয়া হয়েছে।

এদিকে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার ও অথরাইজড অফিসার আদিলুজ্জামানের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স নিকেতন এলাকায় উচ্ছেদ অভিযান চালায়। 

ওই এলাকার ২ নম্বর নম্বর সড়কের ৯৩ নম্বর হোল্ডিংয়ের ‘পঞ্চমুখী সুপারশপ অ্যান্ড মিডিয়া ক্যাফে’ নামে একটি রেস্টুরেন্ট উচ্ছেদ করা হয়। ওই ভবনের গাড়ি পার্কিংয়ের জায়গায় এ রেস্টুরেন্ট গড়ে তোলা হয়েছিল।

এরপর ১ নম্বর সড়কের ৫ নম্বর হোল্ডিংয়ের ভবনের নিচতলায় নির্মিত একটি কক্ষ ভেঙে দেয় টাস্কফোর্স। এই কক্ষটিও গাড়ি পার্কিংয়ের জায়গায় বানানো হয়েছিল।

অভিযানে মোট ২৫টি বাড়ির সামনের অবৈধ র‌্যাম্প ও দেওয়াল অপসারণ করা হয়।