এমপিওভুক্তির দাবিতে জানুয়ারিতে ঢাকায় সমাবেশ করবেন শিক্ষক-কর্মচারীরা
সরকারের স্বীকৃতি পাওয়া পাঁচ হাজার শিক্ষা প্রতিষ্ঠান ও লক্ষাধিক শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার দাবিতে আগামী ২৫ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে স্বাধীনতা নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সংগঠনটির সভাপতি অধ্যক্ষ মো. এশারত আলী এই কর্মসূচি ঘোষণা করেন।
ঢাকায় সমাবেশের আগে ২৪ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি জেলায় জেলায় মতবিনিময় সভা, গণসংযোগ এবং জেলা ও বিভাগীয় পর্যায়ে সমাবেশের কর্মসূচিও রেখেছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে এশারত আলী শিক্ষকদের যোগদানের তারিখ থেকে চাকরি কার্যকরের দাবিও জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, “দেশে শিক্ষা ব্যবস্থায় সরকারের উন্নতি সাধন সত্ত্বেও পাঁচ হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত না হওয়ায় ২০ লক্ষাধিক শিক্ষার্থীকে পাঠদানকারী এক লাখের বেশি শিক্ষক-কর্মচারী বিনা বেতনে মানবেতর জীবন-যাপন করছেন, যা অত্যন্ত কষ্টকর ও বেদনাদায়ক।
“এসব নন-এমপিও শিক্ষক-কর্মচারীর বেতনভাতা আদায়ের জন্য গত ১০-১৫ বছরের বেশি সময় ধরে নিয়মতান্ত্রিক আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের বেশ কয়েকজন শিক্ষক-কর্মচারী আহত হয়েছেন।”
তিনি আরো বলেন, “আমাদের দাবি পূরণে শিক্ষামন্ত্রী কয়েক দফা আশ্বাসও দিয়েছিলেন, সংসদে বহু সংসদ সদস্য এমপিওভুক্ত করার দাবি উত্থাপন করেন, যার জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই।”
লক্ষাধিক শিক্ষক-কর্মচারী, তাদের পরিবার, শিক্ষার্থী-অভিভাবক, ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ প্রায় এক কোটি জনগোষ্ঠী নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ও তাদের স্বার্থসংশ্লিষ্ট বলে জানান এই শিক্ষক নেতা।
সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রতি পরিবারে অন্তত একজন সদস্যের চাকরির ব্যবস্থা করতে স্বীকৃতিপ্রাপ্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা যুক্তিসঙ্গত দাবি বলে মনে করেন তিনি।
সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মিলন কুমার ঘোষালের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু ছাড়াও অন্য শিক্ষক নেতারা।
