২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাতেও যেখানে কোলাহল সেখানেই ছিনতাই নীরব ভোরে

ভোরে রাজধানীর যে স্থানটিতে ছিনতাইকারীর কবলে পড়ে কোলের শিশু সন্তানকে হারান শরীয়তপুরের আকলিমা বেগম, সেই স্থানে রাতে গিয়ে দেখা যায় অন্যরকম চিত্র।

কামাল তালুকদার

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2017, 12:54 AM

Updated : 19 Aug 2022, 06:13 PM

আশপাশে উঁচু ভবন নিয়ে দয়াগঞ্জের এই সড়কটিতে অগুনতি যানবাহনের ভেঁপু আর আলোর সঙ্গে বহু মানুষকে হাঁটা-চলা করতে দেখা যায়।

স্থানীয়রা বলছেন, ভোরে এই সড়কটিই থাকে অনেক নীরব। তখন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও থাকেন না, ওই সময়ই ঘটে ছিনতাইয়ের ঘটনা।

সোমবার ভোরে দয়াগঞ্জ চৌরাস্তার পূর্বপাশে ছিনতাইকারী কবলে পড়েন রিকশারোহী আকলিমা ও তার স্বামী শাহ আলম গাজী।

ছিনতাইকারী আকলিমার কাঁধে ঝোলানো ব্যাগে টান দিলে তার কোল থেকে পাঁচ মাসের শিশু সন্তান আরাফাত নিচে পড়ে মারা যায়। আকলিমাও রিকশা থেকে পড়ে গিয়েছিলেন বলে জানান তার স্বামী শাহ আলম।

সকালের ঘটনার পর রাতে সেখানে গিয়ে দেখা যায়, রাস্তার আশপাশে উঁচু উঁচু অসংখ্য ভবন। দোকান, আবাসিক ভবন, হাসপাতাল রয়েছে এর মধ্যে।

Image
আরাফাতের মা আকলিমা

আরাফাতের মা আকলিমা

রাতের কোলাহল দেখে বোঝার উপায় নেই যে সকালে এই স্থানেই ছিনতাইকারী কবলে পড়ে এক নারী তার শিশু সন্তানকে হারিয়েছে; ছিনতাইকারীরাও নির্বিঘ্নে পালিয়েছে।

তারা মিয়া নামে মধ্য বয়সী এক ব্যক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখানে সকাল ৮টার আগে তেমন মানুষ দেখা যায় না। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লেগে যায় যানজট।”

বিল্লাল হোসেন নামে আরেক ব্যক্তি বলেন, পাশে নামাপাড়া বস্তি আছে। সেখানে থেকেই কেউ কেউ এখানে ছিনতাইয়ের ঘটনাগুলো ঘটায়।

“কয়েকজন মিলে রাস্তায় কারও গতিরোধ করে ছিনতাইয়ের ঘটনা এখানে তেমন ঘটে না। তবে ব্যাগ টান দিয়ে দৌড় দেওয়ার ঘটনা প্রায়ই ঘটে।”

রাস্তায় পুলিশ থাকে কি না- জানতে চাইলে তিনি বলেন, “দয়াগঞ্জ মোড়টি গেণ্ডারিয়া থানায় আর রেললাইনের পূর্বপাশ যাত্রাবাড়ী থানায় পড়েছে। দুই থানার মধ্যস্থল হওয়ায় তেমন পুলিশ দেখা যায় না ভোরে।”

Image
বাবার সঙ্গে আরাফাত, সে এখন শুধুই ছবি

বাবার সঙ্গে আরাফাত, সে এখন শুধুই ছবি

নিহত আরাফাতের বাবা শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা যখন চৌরাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন রাস্তায় কোনো পুলিশ বা পুলিশের গাড়ি দেখেননি।

রেললাইন পেরিয়ে যাওয়ার পর রাস্তায় ২৫-৩০ বছর বয়সী এক যুবককে দেখেন। সেই যুবকই রিকশার পেছন থেকে এসে তার স্ত্রীর ব্যাগ ধরে টান দিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়।

পুলিশের তৎপরতা না থাকার অভিযোগ অস্বীকার করেছেন দুই থানার ওসি।

যাত্রাবাড়ী থানার ওসি আনিচুর রহমান বলেন, “ওই রাস্তা দিয়ে সব সময় পুলিশ টহল দেয়। আজও  ছিল। কিন্তু দুর্ঘটনাটি ত্বরিত ঘটে যায়।”

গেণ্ডারিয়ার ওসি মিজানুর রহমান বলেন, “দয়াগঞ্জ চৌরাস্তা আমাদের সীমানায়। সেখানে সব সময় একটি টহল দল থাকে।

“ঘটনাটি আমার থানা এলাকায় না হলেও ঘটনার সময় ঠিকমতো চৌরাস্তায় অবস্থান না করায় ডিসি স্যার এক এসআইকে প্রত্যাহার করেছেন।”

ডিএমপির ডেমরা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ইফতেখারুল আলম বলেন, পুলিশের চারটি দল ছিনতাইকারীদের ধরতে কাজে নেমেছে।

যাত্রাবাড়ী থানার এসআই  নয়ন কারকুন বলেন, এই ঘটনায় একটি মামলা হচ্ছে।

পুরনো খবর:

মা ছিনতাইকারীর কবলে, কোল থেকে পড়ে প্রাণ গেল শিশুর