২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিবাসী দিবস উপলক্ষে সোমবার নানা কর্মসূচি

নানা আয়োজনের মধ্য দিয়ে সোমবার আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হবে বলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2017, 01:00 AM

Updated : 11 Oct 2022, 02:51 PM

ঢাকার ইস্কাটনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে রোববার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য শুধু দেশে নয়, বিদেশেও বাংলাদেশ দূতাবাসগুলোতে কর্মসূচি  নেওয়া হয়েছে।

ঢাকায় কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠান হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সেখানে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মন্ত্রী জানান, সকাল ৮টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শোভাযাত্রা বের হয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যাবে। এরপর সকাল সাড়ে ৯টায় হবে আলোচনা সভা। পরে প্রবাসী কর্মীদের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

দিনের দ্বিতীয় ভাগে বিকাল ৩টায় ‘সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই নিরাপদ অভিবাসন নিশ্চিত করা সম্ভব’ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা হবে।  বিকাল সোয়া ৪টায় থাকবে চিত্রাঙ্কন, রচনা, বিতর্ক প্রতিযোগিতা ও অভিবাসী মেলায় নির্বাচিত সেরা স্টলের পুরস্কার বিতরণ। 

এছাড়া অভিবাসী দিবস উপলক্ষে প্রতি জেলায় শোভাযাত্রা ও আলোচনা সভার পাশাপাশি সচেতনতা সৃষ্টিমূলক প্রচার-প্রচারণা চালানো হবে।

প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, এ বছর বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে মোট নয় লাখ ৭৩ হাজার মানুষের বিদেশে কর্মসংস্থান হয়েছে। এদের মধ্যে ১ লাখ ১৮ হাজার নারী।

সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নমিতা হালদার, অতিরিক্ত সচিব  (প্রশাসন ও অর্থ) মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত সচিব মোহাম্মদ আজহারুল হক; জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজা, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলাহাস, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী উপস্থিত ছিলেন।