২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার উদ্বোধন হচ্ছে ৯৯৯

জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তা দিতে হেল্পলাইন ৯৯৯ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2017, 12:12 AM

Updated : 19 Aug 2022, 06:10 PM

যে কোনো ফোন (মোবাইল বা ল্যান্ড) থেকে এই নম্বরে ফোন করলে পুলিশ, দমকল বাহিনী ও অ্যাম্বুলেন্স পাওয়া যাবে।

পরীক্ষামূলকভাবে প্রায় এক বছর ধরে এই সেবা চলে আসছে। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় জাতীয় এই জরুরি সেবাটি উদ্বোধন করবেন।

উদ্বোধনের আগের দিন সোমবার সন্ধ্যায় ৯৯৯ ফোন করলে এক নারীকণ্ঠ সহযোগিতার ধরন জানতে চান।

সাবিত্রী রায় নামে ওই নারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি প্রায় সাত মাস প্রশিক্ষণ শেষে সম্প্রতি কর্মক্ষেত্রে যোগদান করেছেন। বাংলাদেশের যে কোনো স্থান থেকে তাদের কাছে কল এলে সমস্যার কথা শুনে সংশ্লিষ্ট থানা বা দমকল বাহিনীকে জানাবেন।

এক্ষেত্রে ফোন যিনি করবেন, প্রথমেই তার পরিচয় ও ঠিকানা জেনে নিয়ে সমস্যার কথা জানতে চাওয়া হবে।

সাবিত্রী জানান, তারা খুব দ্রুত সেবা দেওয়ার চেষ্টা করেন।

 

আব্দুল গণি রোডে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ থেকে এটা নিয়ন্ত্রণ হবে বলে জানান সহকারী পুলিশ মহাপরিদর্শক (মিডিয়া) সহেলী ফেরদৌস।

তিনি বলেন, সজীব ওয়াজেদ সকাল সাড়ে ১০টায় পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে এই সেবা কার্যক্রম উদ্বোধন করবেন। পরে ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা হবে।

ওসমানী মিলনায়তনের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন থাকবেন। সভাপতিত্ব করবেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ গত বছর পরীক্ষামূলকভাবে ‘ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস’ নামে এই টেলিসেবাটি চালু করে; পরে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যায়।

গত ৮ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সভা শেষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক সাংবাদিকদের বলেছিলেন, ‘‘৯৯৯ সেবাটির মাধ্যমে গত প্রায় এক বছরে আমরা প্রায় ৩৩ লাখ কল রিসিভ করেছি।’’

পুরনো খবর:

নাগরিক সেবার অ্যাপ ও ওয়েবসাইট পরীক্ষামূলকভাবে চালু
নম্বর জরুরি সহায়তার, ফোন বেশি আসে কৌতূহলের