রাষ্ট্রপতির সঙ্গে দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত দূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম।
রোববার বিকালে দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত দূত বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
সাংবাদিকদের তিনি বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, ‘দক্ষিণ কোরিয়া বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। এছাড়া সরাসরি বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার অবস্থান শীর্ষে’।
“রাষ্ট্রপতি বাংলাদেশের বাণিজ্য-বিনিয়োগ সম্ভাবনাকে কাজে লাগাতে এবং কোরিয়ান বিনিয়োগকারীদের বিনিয়োগে আরও আকৃষ্ট করতে রাষ্ট্রদূতকে উদ্যোগী হওয়ার পরামর্শ দেন।”
রাষ্ট্রপতি দক্ষিণ কোরিয়ায় প্রবাসী বাংলাদেশি স্বার্থ সংরক্ষণ এবং নতুন করে জনশক্তি রপ্তানি সম্প্রসারণে পদক্ষেপ নেওয়ার জন্য রাষ্ট্রদূতকে আহ্বান জানান।
এসময় রাষ্ট্রদূত আবিদা তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা চান বলেও জানান প্রেস সচিব।
