২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতা ফুটবলার আমিনুল রিমান্ডে

সচিবালয় এলাকায় ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক ফুটবলার আমিনুল ইসলামসহ ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2017, 08:39 PM

Updated : 19 Aug 2022, 06:08 PM

ঢাকার মহানগর হাকিম মাহমুদুল হাসান রোববার তাদের রিমান্ড মঞ্জুর করেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৫ ডিসেম্বর দুর্নীতি মামলায় আদালতে হাজিরা দিয়ে ফেরার সময় সচিবালয় এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সে সময় গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, আমিনুলসহ ১৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

ওই ঘটনায় গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ, বিশৃঙ্খলা সৃষ্টি এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে চারটি মামলা করেছে পুলিশ।

তার একটিতে আমিনুলসহ আসামিদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী বিশ্বাস।

অপরদিকে আসামিদের জামিন চেয়ে আবেদন করেন বিএনপি নেতা অ্যাডভোকেট সানাউল্লা মিয়া।

শুনানিতে রিমান্ডের বিরোধিতা করে তিনি বলেন, “বঙ্গবাজারে সরকারি কর্মচারী হাসপাতালের সামনে তারা নেত্রীকে অভিবাদন জানানোর জন্য দাঁড়িয়েছিলেন। ঘটনার দিন দুপুরে তারা কোনো বিশৃঙ্খলা, পুলিশের কাজে বাধা দেওয়া বা এ রকম কোনো কাজে তারা যুক্ত ছিলেন না।”

শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন।