২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ পাচার: এবি ব্যাংক চেয়ারম্যানসহ ৪ জনকে দুদকে তলব

অর্থ পাচারের অভিযোগে এবি ব্যাংকের চেয়ারম্যান এম ওয়াহিদুল হকসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2017, 07:57 PM

Updated : 19 Aug 2022, 06:08 PM

ওয়াহিদুল ছাড়া তলব পাওয়া বাকিরা হলেন- ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম ফজলুর রহমান ও শামিম আহমেদ চৌধুরী এবং হেড অব ফাইন্যানসিয়াল ইনস্টিটিউট অ্যান্ড ট্রেজারি আবু হেনা মোস্তফা কামাল।

তাদের তলব ও তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট তথ্য চেয়ে রোববার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন চিঠি দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।

তিনি বলেন, সিঙ্গাপুরে একটি অফশোর প্রতিষ্ঠান সৃষ্টি করে অর্থ পাচার করেছেন বলে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকের চেয়ারম্যান এম ওয়াহিদুল হক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম ফজলুর রহমানকে বুধবার এবং বাকিদের বৃহস্পতিবার তলব করা হয়েছে।

তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্তের সার্বিক দায়িত্বে রয়েছেন দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন; তাকে সহায়তা করবেন সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান।