বেগম রোকেয়াকে স্মরণ রোকেয়া হলের ছাত্রীদের
বেগম রোকেয়ার ১৩৮তম জন্মবার্ষিকীতে বাঙালি মুসলিম নারী জাগরণের পথিকৃৎকে নানা আয়োজনে স্মরণ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রীরা।
শনিবার সন্ধ্যায় হল মিলনায়তনে বক্তৃতা এবং কৃতি ছাত্রীদের স্বর্ণপদক ও বৃত্তি প্রদানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ‘রোকেয়া মেমোরিয়াল ফাউন্ডেশন’।
স্বর্ণপদকপ্রাপ্ত ছাত্রী হলেন অনুজীব বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের জান্নাতুল রাফিয়া।
মেধাবৃত্তি পেয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী প্রিয়াংকা কুন্ডু, দর্শন বিভাগের স্নাতকোত্তরের শাহানাজ পারভীন রিমি, ফিন্যান্সের স্নাতকোত্তরের মোছা. শারমিন সুলতানা সুমি এবং ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী বিয়াস বিনতে কামাল। কল্যাণবৃত্তি পেয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আফরিন সুলতানা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, “নারীদের এগিয়ে যাওয়ার জন্য সমাজে তাদের জন্য আবহ তৈরি করা দরকার। বেগম রোকেয়া তার ভাই, বোন ও স্বামীর কাছ থেকে সহযোগিতা পেয়েছেন, আবহ পেয়েছেন।
“সমাজে যখন মেয়েদের জন্য আবহ তৈরি হয়ে যাবে, তখনই তাদের অগ্রগতি সাধিত হবে। তাছাড়া মেয়েদের একটা মাত্রায় নিয়ে আসতে হবে। তাদের স্বপ্ন দেখাতে হবে।”
নারীদের প্রতি পুরুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গিই তাদের এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, “শিক্ষার সর্বস্তরে নারী শিক্ষার্থীর অংশগ্রহণ ক্রমাগত বাড়ছে। প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে আমরা ছেলে-মেয়ের সমতা অর্জন করেছি। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য এ এক বড় অর্জন। পৃথিবীর অনেক উন্নয়নশীল অথবা অনুন্নত দেশ এটি পারেনি।”
“আজ সব সাহসী পদক্ষেপ অব্যাহত রেখে আমরা যে জায়গাতে যেতে চাই সেটি আত্মতুষ্টির নয়, আত্মবিশ্বাসের জায়গা। সেই আত্মবিশ্বাসের অবস্থান থেকে আরও অনেক সাহসী উদ্যোগ বেরিয়ে আসবে, অনেক কুপমণ্ডুকতা দূর হয়ে যাবে, আরও অনেক সাফল্য অর্জিত হবে। আমরা রোকেয়ার উত্তরসূরি- এটাই আগামীর জন্য আমাদের অনুপ্রেরণা।”
রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জিনাত হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীন বক্তব্য দেন।
এর আগে সকালে দিবসটি উপলক্ষে হলে বেগম রোকেয়ার ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরে হল প্রাঙ্গন থেকে র্যালি বের হয়।
