গ্রামীণ ব্যাংকের তিন হাজার কর্মচারীর চাকরি স্থায়ী করার দাবি
গ্রামীণ ব্যাংকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া তিন হাজার কর্মচারীর চাকরি স্থায়ী করাসহ পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন গ্রামীণ ব্যাংক অস্থায়ী কর্মচারী সমিতি নামের একটি সংগঠনের নেতারা।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন থেকে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুমকি দেওয়া হয়।
গ্রামীণ ব্যাংক অস্থায়ী কর্মচারী সমিতির সভাপতি আজিজুল হক বাবুল বলেন, “গ্রামীণ ব্যাংকে কর্মরত তিন হাজার অস্থায়ী কর্মচারী দৈনিকভিত্তিক পিওন কাম গার্ড পদে নিয়োগ পেয়ে দীর্ঘ ২০বছর যাবৎ কাজ করছেন। তাদের ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের মতো কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না। তাদের কাজের ক্ষেত্রে শ্রম আইনও মানা হচ্ছে না।”
এক পদে নিয়োগ দিয়ে পিয়ন, ঝাডুদার ও নাইট গার্ডের কাজ করানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বাবুল বলেন, “বাংলাদেশ ব্যাংকের অডিট রিপোর্টে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে আমাদের নিয়োগের ব্যাপারে অনিয়মের কথা উল্লেখ থাকার পরও আমরা নির্যাতনের হাত থেকে বাঁচতে পারছি না।
“শ্রম প্রতিমন্ত্রী কয়েক মাস আগে আমাদের সমস্যা নিয়ে গণমাধ্যমে কথা বলেছিলেন এবং ১৫ দিনের মধ্যে সমস্যার সমাধান করার আশ্বাস দিয়েছিলেন। এরপর গত নভেম্বরে আমরা জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও সচিব, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক বরাবর আমাদের দুর্দশা ও দাবির কথা জানিয়েছিলাম। কিন্তু এখনও কোনো ফল পাই নাই।”
তিনি দাবি করেন, ২০১৩ সালে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আমরণ অনশনে বসলে ব্যাংক কর্তৃপক্ষ ছয় মাসের মধ্যে চাকরি স্থায়ী করার আশ্বাস দিয়েছিল।
“পরবর্তীতে তারা কথা রাখেননি, বরং সারা দেশে প্রায় তিন শত কর্মচারীকে প্রাপ্য বকেয়া বেতন ভাতা না দিয়েই চাকুরিচ্যুত করা হয়েছিল।”
বাবুল বলেন, “তাই আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি, এই বিজয়ের মাস ডিসেম্বরের মধ্যে যদি আমাদের চাকরি স্থায়ীকরণ করা না হয় তাহলে জানুয়ারিতে আমরা দেশব্যাপী কঠিন কর্মসূচিগ্রহণ করব। জীবন দিয়ে হলেও দাবি আদায়ের জন্য আন্দোলন করব।”
তাদের অন্য দাবির মধ্যে রয়েছে- সব কর্মচারীর বকেয়া বেতন-ভাতা পরিশোধ, অস্থায়ী কর্মচারীদের একটানা ২৪ ঘণ্টা ডিউটি থেকে অব্যাহতি, যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের বকেয়া বেতনসহ চাকরিতে পুনর্বহাল এবং গ্রামীণ ব্যাংকে শ্রম আইন প্রতিপালন নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সেন্টারের সাধারন সম্পাদক ওয়াজেদুল ইসলাম, জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. এরাদুল ইসলাম, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) কর্মকর্তা মো. সুলতান উদ্দিন আহম্মেদ উপস্থিত ছিলেন।
