২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গাদের সাক্ষ্যে রাখাইনে ‘গণহত্যার প্রমাণ’

কক্সবাজারের উদ্বাস্তু ক্যাম্পে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সাক্ষ্যে জাতিসংঘ গণহত্যা কনভেনশন নির্ধারিত সংজ্ঞা অনুযায়ী মিয়ানমারে গণহত্যার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে বাংলাদেশের একদল তরুণ গবেষক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2017, 09:30 PM

Updated : 11 Oct 2022, 02:48 PM

শনিবার বিকালে মুক্তিযুদ্ধ জাদুঘরের সেন্টার ফর দ্যা স্টাডি অব জেনোসাইড অ্যান্ড জাস্টিসের গবেষকদলটি রোহিঙ্গা ক্যাম্প থেকে সংগৃহীত সাক্ষ্য বিবরণী সম্বলিত একটি প্রতিবেদনও পেশ করেছে।

মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজিত অনুষ্ঠানে গবেষক দলটি বলছে, জাতিসংঘ গণহত্যা কনভেনশন ও আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) রোম স্ট্যাটিউট নির্ধারিত গণহত্যার বৈশিষ্ট্য অনুযায়ী গণহত্যার প্রমাণ পেয়েছেন তারা।

কোনো নির্দিষ্ট গোষ্ঠীর মানুষদের হত্যা, ওই গোষ্ঠীর সদস্যদের মানসিক ও শারীরিকভাবে অত্যাচার, ব্যাপক আকারে তাদের জীবনকে প্রতিনিয়ত ধ্বংস করার চেষ্টা, নারীদের গর্ভধারণ ক্ষমতা নষ্ট করা বা গর্ভপাত ঘটানো এবং এক গোষ্ঠীর শিশুদের জোরপূর্বক অন্য গোষ্ঠীতে পাঠানোর মতো অপরাধ হলে জাতিসংঘের কনভেনশন ও আইসিসি রোম স্ট্যাটিউট তাকে গণহত্যা বলা হবে।

Image
মফিদুল হক

মফিদুল হক

সেন্টার ফর দ্যা স্টাডি অব জেনোসাইড অ্যান্ড জাস্টিসের তরুণ গবেষক দলের গবেষণা, সংগৃহীত তথ্য উপাত্ত ও মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সাক্ষ্যে গণহত্যার এসব বৈশিষ্ট্য মিলে যায়।

তারা বলছেন, এসব অপরাধের মধ্যে দেখা যায় যে, নারী ও শিশু নির্যাতনের মাত্রা সবচেয়ে বেশি।

গণহত্যা বিষয়ে প্রতিবেদন উপস্থাপন শেষে বক্তব্য রাখেন গণহত্যা অধ্যয়নে আন্তর্জাতিক বিশেষজ্ঞ আর্জেন্টাইন নাগরিক ইরিনা মাসিমিনো।

গণহত্যার রাজনৈতিক অর্থনীতি নিয়ে বলতে গিয়ে ইরিনা বলেন, “পুরো পৃথিবী জুড়ে গণহত্যার বৈশিষ্ট্যগুলো একই। এই সুযোগে একটি দল এমন পরিস্থিতি থেকে লাভবান হন, তাই পরিস্থিতির উন্নতিতেও কোনো অগ্রগতি দেখা যায় না।

Image
ইরিনা মাসিমিনো

ইরিনা মাসিমিনো

“পেশ করা প্রতিবেদন ও গণহত্যার বৈশিষ্ট্য মিলিয়ে প্রমাণ হচ্ছে যে, মিয়ানমারে গণহত্যা হয়েছে, হচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনকে এই ব্যাপারে আরও সচেতন হতেই হবে।”

অনুষ্ঠান শেষে রাখাইনে সংঘটিত বর্বরতাসহ দেশে দেশে গণহত্যার বিরুদ্ধে প্রতিরোধ-চেতনামূলক সঙ্গীত পরিবেশন করে ব্যান্ড দল অবসকিওর।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক।