‘আইনে দক্ষতা এলে টাকা এমনিতেই আসবে’
আইন বিষয়ে দক্ষতা অর্জন করলে এই পেশা থেকে অর্থ উপার্জন এমনিতেই হবে মন্তব্য করে তরুণ আইনজীবীদের প্রতি লেখাপড়ায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন বিচারপতি মির্জা হোসেইন হায়দার।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবন চত্বরে বাংলাদেশ আইন সমিতি ৩২তম বার্ষিক সম্মেলন তিনি একথা বলেন।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এই বিচারপতি বলেন, “আজকে কেউ যদি জীবনের স্বার্থকতা অর্জন করে থাকি তার কারণ একটাই, অধ্যবসায়। আর আমাদের যারা আইনজীবী কিংবা জজ হিসেবে জয়েন করেছি, আমরা পেশা ধরে নিয়েছি।
“আমাদের প্রত্যেকের জন্য একটাই কাজ লার্ন (দক্ষতা অর্জন)। আমি এভাবেই বলি কথাটা- ‘এল’টাকে বাদ দিয়ে আর্ন শুধু করবেন না, ‘এল’টাকে যোগ করেন লার্ন করেন, তারপর দেখবেন অটোমেটিকই এলের মাঝখান থেকে টাকা আসছে। আয় রোজগার বেড়ে যাবে।
“এর সঙ্গে অধ্যবসায়, নিজের পেশাকে ভালবাসুন, নিজের কাজকে সম্মান করুন। নিজের পরিশ্রম দিয়ে নিজে উচ্চতম স্থানে নিজেকে উন্নীত করুণ।”
“আমার অবসরের আগেই ইনশাল্লাহ দেখে যেতে চাই, উচ্চ আদালতে ৫০ জন বিচারক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হয়েছে। তবে আমরা গর্বিত, নিম্ন আদালতে যারা বিচারক তাদের প্রায় ৬০ শতাংশ আমাদের বিভাগের শিক্ষার্থী ছিলেন। এবার জুডিশিয়াল সার্ভিস কমিশনে পরীক্ষা দিয়ে ৮৮ জন চান্স পেয়েছে।”
সম্প্রতি আইন অনুষদ ঘুরে দেখার অভিজ্ঞতার আলোকে বর্তমানে বিভাগে শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি হওয়ার কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমি মনে করি, বাংলাদেশ আইন সমিতির সদস্যগণ যেখানেই থাকুন না কেন, সেখান থেকেই তারা আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। জাতিরপিতা বঙ্গবন্ধু হত্যা মামলা, জেলহত্যা মামলা এবং মানবতাবিরোধী সংস্কৃতির চিরবিদায় দিয়ে দেশে ন্যায়বিচারের যে দ্বার উম্মোচন হয়েছে তাতে আপনাদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।”
এই বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীদের কাছ থেকে জাতি ‘ইতিবাচক ও গঠনমূলক’ কিছু আশা করে বলে মন্তব্য করেন আইনমন্ত্রী।
আনিসুল হক বলেন, “দেশের আইন অঙ্গনে যখন কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটে কিংবা দেশে কোনো সাংবিধানিক সংকটের কোনো আশঙ্কা তৈরি হয়, তখন তা উত্তরণের উপায় বাতলে দিয়ে বাংলাদেশ আইন সমিতি রাষ্ট্রীয় ব্যাপারে ভূমিকা পালন করতে পারে।”
সমিতির সভাপতি একেএম আফজাল উল মুনীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম কুদ্দুস জামান, উইমেন জাজেজ অ্যাসোসিয়েশনের সভাপতি তানজিনা ইসমাইল, বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক মো. রহমত উল্লাহ, সমিতির প্রথম সভাপতি আব্দুল্লাহ মাহমুদ হাসান, সমিতির সাবেক সভাপতি ও সম্মেলন উদযাপন কমিটির আহ্বায়ক মোল্লা মো. আবু কাওছার, সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম সিদ্দীক বক্তব্য দেন।
