টেলিফোন বিকল, বিপাকে ফায়ার সার্ভিস
ঢাকায় ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষসহ বিভিন্ন ফায়ার স্টেশনের টেলিফোন নম্বর শুক্রবার ভোর থেকে বিকল হয়ে রয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক আলী আহাম্মেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের নিয়ন্ত্রণ কক্ষের সব বিটিসিএল নম্বর ভোরে আকস্মিকভাবে বিকল হয়ে যায়।
এসব নম্বর থেকে কোথাও ফোন করা যাচ্ছে না; আসছেও না।
নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা মাহফুজ রিবেন জানান, যে কেউ জরুরি প্রয়োজনে ০১৭৩০৩৩৬৬৯৯, ০১৭১৩০৩৮১৮২ নম্বরে ফোন করলে কথা বলতে পারবেন।
নিয়ন্ত্রণকক্ষের আরেকজন কর্মকর্তা জানান, কেবল নিয়ন্ত্রণ কক্ষ নয়, অনেক ফায়ার স্টেশনের ফোনই সকাল থেকে বিকল।
মহাপরিচালক জানান, ফোন বিকল থাকার বিষয়টি তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন। ফোনগুলো সচল করার ব্যাপারে কাজ চলছে বলে ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে।
