কর্মক্ষেত্রে নারীদের আত্মবিশ্বাস নিয়ে চলার আহ্বান
স্বপ্ন পূরণে নারীদের আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন নিজস্ব কর্মক্ষেত্রে সফল নারীরা।
বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের সবচেয়ে বড় প্রদর্শনী ডিজিটাল ওয়ার্ল্ডের ‘উইম্যান ইন ডিজিটাল ইকোনমি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এ আহ্বান আসে।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিকোর প্রাইজ ওয়াটার হাউজ কুপারসের (পিডাব্লিঊসি) হেলথ কেয়ার এম অ্যান্ড এ অ্যাডভাইজরি ব্যাংকিংয়ের ব্যবস্থাপনা পরিচালক জুলিয়া কাজী নারীদের আরও ‘আত্মবিশ্বাসী’ হতে বলেন।
“নিজের উন্নয়নে কাজ কর, নিজেকে একটি ‘ব্র্যান্ড’ হিসেবে গড়ে তোল, বাইরের পৃথিবীর জন্য নিজেকে প্রস্তুত কর। পুরুষরা যেখানে নিজের ভেতরের ৫০ শতাংশ আত্মবিশ্বাসকে ৮০ শতাংশ করে উপস্থাপন করে, অন্যদিকে মেয়েরা যদি ৮০ শতাংশও আত্মবিশ্বাসী হয়েও বাকি ২০ শতাংশের জন্য ক্ষমা চেয়ে বেড়ায়।”
যোগাযোগ দক্ষতা বৃদ্ধি ও আত্মবিশ্বাস মেয়েদের সাফল্য অর্জনের পথে সব বাধা দূর করে দিতে পারে বলে মনে করেন জুলিয়া।
তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি ডিভিশনের স্টার্টআপ বাংলাদেশের ইনভেস্টমেন্ট অ্যাডভাইজর টিনা জাবীন বলেন, “সবার উচিৎ বেঁচে থাকার পেছনে উদ্দেশ্য খুঁজে বের করা। আগে নিশ্চিত হতে হবে, আমি কী করতে চাই? আমার স্বপ্ন কী? আমি দেশের তরুণদের বলতে চাই, হার মেনো না। যদি তোমার স্বপ্ন থাকে, তাহলে সেদিকে ধাবিত হও।”
সন্তানদের বাবা-মাদের উদ্দেশে টিনা বলেন, “আপনার সন্তানকে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটে বা মেডিকেল কলেজেই পড়ে ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে হবে, এমন কোনো কথা নেই, তাদের স্বপ্নগুলো জানুন, সেগুলো পূরণে সহায়তা করুন।”
বাংলাদেশ সরকারের হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বলেন, “শুধু মেয়েদের স্বাবলম্বী করে গড়ে তুলতে সরকারের পাঁচশটির বেশি ‘ট্রেনিং প্রোগ্রাম’ চালু রয়েছে, শুধু প্রশিক্ষণ নয় মেয়েদের কর্মক্ষেত্রে প্রবেশ করিয়ে দেয়া পর্যন্ত সহায়তা করা হচ্ছে।
“বিশ্বের আউটসোর্সিংকারী দেশগুলোর মধ্য বাংলাদেশের স্থান নবম। মেয়েরা যদি বেশি বেশি এই পেশায় আসে তাহলে আমরা আউটসোর্সিং-এ আরও এগিয়ে যাব।”
অনুষ্ঠানে বাংলাদেশি নারী উদ্যোগতাদের প্রশিক্ষণ দেবার লক্ষ্যে ‘সিমিনসবিজনেস’ নামে একটি প্রোগ্রাম চালু করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক।
ফেইসবুকের দক্ষিণ এশীয় অঞ্চলের পলিসি প্রোগ্রামস ম্যানেজার রজত অরোরা বলেন, “আমরা এই প্রোগ্রামের আওতায় বাংলাদেশের দশ হাজার নারী উদ্যোগতাদের প্রশিক্ষণ দেবে ফেইসবুক, যা ছয় মাসের মধ্যে চালু হবে।”
অনুষ্ঠানে ডোহাটেক নিউ মিডিয়ার চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা ও সাংবাদিক মুন্নী সাহা উপস্থিত ছিলেন।
