২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহবধূ শাম্মী হত্যা মামলার তদন্তে পিবিআই

পুলিশের গাফিলতির অভিযোগ ওঠায় রাজধানীর কল্যাণপুরে গৃহবধূ শাম্মী হত্যা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দিয়ে পুনঃতদন্তের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2017, 04:23 PM

Updated : 19 Aug 2022, 06:07 PM

এছাড়া নিহতের ময়না তদন্তের প্রতিবেদন পরীক্ষা করে বিচারিক আদালতকে মতামত জানাতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে তিন সদস্যের বোর্ড গঠন করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষকে বলা হয়েছে।

মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাই কোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।

আদালতে এ সংক্রান্ত আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরশেদ।

গত ৫ নভেম্বর একটি জাতীয় দৈনিকে “গৃহবধূ শাম্মী হত্যা মামলা- ‘মাকে বাবা অনেক কষ্ট দিয়ে মেরেছে’- তদন্ত কর্মকর্তার গড়িমসির অভিযোগ” শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, গত ৭ জুন রাতে রাজধানীর কল্যাণপুরে ভাড়া বাসায় একটি বায়িং হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তা মো. আলমগীর হোসেন টিটু তার স্ত্রী শামিমা লাইলা আরজুমান্না খান শাম্মীকে অমানবিক নির্যাতন করে হত্যা করেন।

হাসপাতালে নেওয়ার পর চিকিত্সকরা শাম্মীকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত গৃহবধূর ছোট ভাই মো. ফরহাদ হোসেন খান বাবু বাদী হয়ে ৮ জুন মিরপুর মডেল থানায় মামলা করেন। পরে পুলিশ ঘাতক স্বামী আলমগীর ও তার তৃতীয় স্ত্রী ইসরাত জাহান মুক্তাকে গ্রেপ্তার করে।

প্রতিবেদনে আরও বলা হয়, ‘অভিযোগ উঠেছে, আলোচিত এ মামলার তদন্ত নিয়ে গড়িমসি করছেন তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই মো. নওশের আলী’।

মামলার বাদী মো. ফরহাদ হোসেনকে উদ্বৃত করে বলা হয়, ‘ঢাকায় অবস্থানরত আসামির ধনাঢ্য ভগ্নিপতি মো. আবদুল বাছেদ অর্থের মাধ্যমে ময়না তদন্ত রিপোর্ট পরিবর্তন এবং মামলাটি ভিন্ন খাতে প্রবাহে কাজ করছেন। আর তাই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নওশের আলী প্রত্যক্ষ-পরোক্ষভাবে ঘাতক আসামির পক্ষে ভূমিকা রাখছেন।’

প্রতিবেদনটি গত ৭ নভেম্বর আইনজীবী খুরশীদ আলম খান আদালতের নজরে আনলে আদালত মামলার তদন্ত কর্মকর্তাকে তলব করে ব্যাখ্যা জানতে চায়।

গত ২১ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই নওশের আলী আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেন। ওইদিন তদন্ত কর্মকর্তার কাছে আদালত জানতে চায়, মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে কি না।

তদন্ত কর্মকর্তা তখন আদালতকে বলেছিলেন, অভিযোগপত্র দেওয়া হয়নি। মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। ১৩ নভেম্বর একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দিও রেকর্ড করা হয়েছে। এ অবস্থায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে দ্রুততম সময়ের মধ্যে অভিযোগপত্র দেওয়া হবে।

তখন আদালত বলে, “ঠিকমতো তদন্ত করেননি বলেই তো পত্রিকায় খবর ছাপা হয়েছে। যথাযথভাবে তদন্ত করেন না বলেই মানুষের মনে নানান প্রশ্ন দেখা দেয়।”

তদন্ত কর্মকর্তার ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে ময়না তদন্তের বিষয়ে জানতে আদালত ময়না তদন্তকারী চিকিত্সক সোহেল মাহমুদকেও তলব করে।

পরে গত রোববার চিকিৎসক সোহেল মাহমুদ হাজির হয়ে ময়না তদন্তের বিষয়ে ব্যাখ্যা দেন। ওইদিন মামলার তদন্ত কর্মকর্তা নওশের আলীও আদালতে উপস্থিত ছিলেন।

সেদিন এ চিকিৎসকের বক্তব্য শোনার পর আদালত বুধবার রায়ের জন্য দিন রাখে। সে অনুযায়ী এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করে রায় দিল আদালত।

খুরশীদ আলম খান বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রুল নিষ্পত্তি করে আদালত রায় দিয়েছে। মামলাটি এখন থেকে তদন্ত করবে পুলিশ ব্যুরো অব ইনভেসটিগেশন (পিবিআই)।

“আর ময়না তদন্ত রিপোর্টটি এক্সামিন করে মতামত জানানোর জন্য ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপালকে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে তিন সদস্যের বোর্ড গঠন করতে বলেছে আদালত। মতামতটি জানাতে হবে বিচারিক আদালতকে।”

তিনি বলেন, “আদালত যেহেতু রুল নিষ্পত্তি করে রায় দিয়েছে, তাই আমরা ধরে নিতে পারি তদন্ত কর্মকর্তা এবং ময়না তদন্তকারী চিকিৎসকের ব্যাখ্যা আদালতের কাছে গ্রহণযোগ্য হয়নি।”

পুরনো খবর:

তদন্তে গাফিলতি করায় এসআইকে হাই কোর্টে তলব