তদন্তে গাফিলতি করায় এসআইকে হাই কোর্টে তলব
রাজধানীর কল্যাণপুরে গৃহবধূ শাম্মী হত্যা মামলার তদন্তে গাফিলতির অভিযোগ ওঠায় মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নওশের আলীকে তলব করেছে হাই কোর্ট।
২১ নভেম্বর তাকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাই কোর্ট বেঞ্চ একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন নজরে নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ এ আদেশ দেয়।
প্রতিবেদনটি নজরে আনেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান, সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মহিউদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ।
খুরশীদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার প্রকাশিত প্রতিবেদনটি নজরে আনা হলে শুনানি শেষে আদালত শাম্মী হত্যা মামলায় তদন্তে গাফিলতির জন্য মিরপুর মডেল থানার এসআই নওশের আলীকে আগামী ২১ নভেম্বর স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্য দিতে বলেছে।
গত ৫ অক্টোবর দৈনিক যুগান্তরে ‘গৃহবধূ শাম্মী হত্যা মামলা ‘মাকে বাবা অনেক কষ্ট দিয়ে মেরেছে’ তদন্ত কর্মকর্তার গড়িমসির অভিযোগ” শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, গত ৭ জুন রাতে রাজধানীর কল্যাণপুরে ভাড়া বাসায় একটি বায়িং হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তা মো. আলমগীর হোসেন টিটু তার স্ত্রী শামিমা লাইলা আরজুমান্না খান শাম্মীকে অমানবিক নির্যাতন করে হত্যা করে।
এ ঘটনায় নিহত গৃহবধূর ছোট ভাই মো. ফরহাদ হোসেন খান বাবু বাদী হয়ে ৮ জুন মিরপুর মডেল থানায় মামলা করেন। পরে পুলিশ আলমগীর ও তার তৃতীয় স্ত্রী ইসরাত জাহান মুক্তাকে গ্রেপ্তার করে।
অভিযোগ উঠেছে, আলোচিত এ মামলার তদন্ত নিয়ে গড়িমসি করছেন তদন্ত কর্মকর্তা নওশের আলী।
মামলার বাদী ফরহাদ হোসেন বলেন, “আসামির ধনাঢ্য ভগ্নিপতি মো. আবদুল বাছেদ অর্থের মাধ্যমে ময়নাতদন্ত রিপোর্ট পরিবর্তন এবং মামলাটি ভিন্ন খাতে প্রবাহে কাজ করছেন। আর তাই মামলার তদন্ত কর্মকর্তা এসআই নওশের আলী প্রত্যক্ষ-পরোক্ষভাবে ঘাতক আসামির পক্ষে ভূমিকা রাখছেন।”
