২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিড়াল ‘রাজত্ব’

দোতলা বাড়ির চেয়ার, টেবিল, বসার ঘর, শোবার ঘরের বিছানা- সব জায়গায়ই বিড়ালের অবাধ আনাগোনা; কেউ জানালার গ্রিলে বসে রোদ পোহাচ্ছে, কেউ ঘুম থেকে উঠে আড়মোড়া ভাঙছে টেবিলের কার্নিশে, কেউবা দোল খাচ্ছে বারান্দার দোলনাতে, মিয়াঁও মিয়াঁও রবে কান পাতা দায়।

রিফাত রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2017, 10:43 PM

Updated : 11 Oct 2022, 02:47 PM

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার মামুদপুর গ্রামের সবাই এক নামে চেনে এই ‘বিড়াল বাড়ি’। দেড় বিঘা জমির উপর দোতলা বাড়ির পুরোটিই আঘাতপ্রাপ্ত ও হারিয়ে যাওয়া বিড়ালদের দিয়ে দিয়েছেন বাড়ির মালিক দীপান্বিতা রিদি, কুকুরও রয়েছে গোটা দশেক।

রিও, অরেঞ্জ, ডেক্সটার, বিল্লি, টুকি, টোটন, লিও, ছোট, মমো, ফ্রুটি, পমপমসহ বাড়িতে মোট বিড়ালের সংখ্যা অর্ধশতাধিক। তবে এদের মধ্যে স্থায়ী বাসিন্দা ৪০টি। এদের কারও চোখ নেই, কারও পা ভেঙে গেছে বা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় কেউ পালতে নেয়নি এমন বিড়ালদের ঘর-সংসার এই বাড়ি।

তাদের খাবার-দাবার ও দেখভালের জন্য দুজন নিয়োজিত আছেন।

দীপান্বিতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মানুষের নির্মমতার শিকার, হারিয়ে যাওয়া বা কোনোভাবে আহত হয়েছে ও চিকিৎসার প্রয়োজন এমন বিড়াল-কুকুর সন্ধান পেলেই আমরা তাদের রক্ষা করে এই আশ্রয় কেন্দ্রে নিয়ে আসি। এই কাজে সহায়তার জন্য আমাদের শতাধিক স্বেচ্ছাসেবী রয়েছে।”

সান্তা মারিয়া ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে ফ্যাশন ডিজাইনে স্নাতকোত্তর করা দীপান্বিতা ভবিষ্যতে তার কাজের পরিধি আরও বাড়াতে চান।

তবে অর্থের অভাবে এখন এই কাজ এগিয়ে নেওয়া কঠিন হচ্ছে জানিয়ে পশুপ্রেমীদের সহায়তা প্রত্যাশা করেন তিনি।

দ্বীপান্বিতা বলেন, “প্রাণিগুলোকে তিন বেলা খাবার দেওয়া হয়।এছাড়াও ভ্যাক্সিনেশন, ডিওয়ার্মিংসহ চিকিৎসা দেওয়া, বাড়ি রক্ষণাবেক্ষণসহ অন্যান্য খরচ মিলিয়ে মাসে ৪০ থেকে ৪৫ হাজার টাকা ব্যয় হয়। এর অধিকাংশই আমার বাবা  দিচ্ছেন। তবে তার পক্ষে খুব বেশি দিন এভাবে চালিয়ে যাওয়া সম্ভব হবে না।”

এই কাজ চালিয়ে নিতে অর্থ ছাড়াও কুকুর-বেড়ালের খাবার-ওষুধ দিলেও কাজে লাগবে বলে জানান তিনি।

‘এনিম্যাল লাভার বাংলাদেশ’ নামে একটি সংগঠন করেছেন দ্বীপান্বিতা।‘এএলবি এনিম্যাল শেল্টার’ নামে একটি ফেইসবুক পেইজে পোষা প্রাণিদের প্রতিপালনের যাবতীয় তথ্য এবং প্রাণিদের উপর নির্যাতন বন্ধে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন তিনি।

দীপান্বিতা রিদি জানান, ২০১৩ সালে নিবন্ধন করে বাড়িটি প্রাণিদের আশ্রয়কেন্দ্রে রূপান্তরিত করলেও তার এই কাজের শুরু স্কুল বয়স থেকে। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় স্কুলে যাওয়ার পথে এলাকার ছেলেদের হাত থেকে একটি বিড়ালকে পানিতে ডুবিয়ে হত্যা থেকে বাঁচান তিনি।

“আমি ছোটবেলা থেকেই ভাবতাম, মানুষের অত্যাচার থেকে এসব অসহায় প্রাণিদের কীভাবে রক্ষা করব? হেল্পলেস ছিলাম, ভাবতাম বড় হয়ে ওদের জন্য কিছু করব। এখন আমি ওদের রক্ষা করার জন্য সংস্থা চালাচ্ছি। অসুস্থ ও আঘাতপ্রাপ্ত প্রাণিদের কথা জানতে পারলে স্বেচ্ছাসেবীদের নিয়ে ছুটে যাই, প্রাণিদের উপর নির্যাতনের প্রতিবাদ করি।”

প্রাণিদের অধিকার সম্পর্কে মানুষকে আরও সচেতন করা প্রয়োজন মন্তব্য করে তিনি বলেন, “প্রাণিদের উপর চালানো নির্যাতন করার সর্ব্বোচ্চ শাস্তি হল তিনশ টাকা জরিমানা বা তিন মাসের জেল, এই শাস্তি কীভাবে প্রাণীদের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করবে?”