২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের শপথ

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষে টিআইবির আয়োজনে দুর্নীতি প্রতিরোধে লড়াইয়ের শপথ নিয়েছেন ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2017, 05:18 PM

Updated : 11 Oct 2022, 02:48 PM

মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এবং টিআইবির কর্মকর্তা ও কর্মচারীরাও শপথ নেন।

অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “দুর্নীতি প্রতিরোধে রাজনৈতিক ও সর্বস্তরের মানুষের সদিচ্ছা অনেক জরুরি। আইন বিভাগ, নিরাপত্তা বিভাগ সবাইকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে।

“দুর্নীতি করবেন, আবার পার পেয়ে যাবেন, তাহলে কখনই দুর্নীতি দমন করা সম্ভব হবে না। যারা দুর্নীতি করে তাদেরকে বিচারের আওতায় আনার ব্যবস্থা করতে হবে।”

দুর্নীতি প্রতিরোধে যারা সরব, তাদের নিরাপত্তা নিশ্চিতেও সরকারের প্রতি দাবি জানান ইফতেখারুজ্জামান।

টিআইবির চেয়ারপারসন সুলতানা কামাল দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, “বাংলাদেশ যখন দুর্নীতিতে প্রথম বা পঞ্চম দশম হয়, সেটির দায় কিন্তু আমাদের সবার।”

দুর্নীতি প্রতিরোধ আন্দোলনে তরুণদের বেশি সম্পৃক্ত করার উপর জোর দেন তিনি।

সবাইকে শপথ পড়ানোর পর তাদের উদ্দেশে সুলতানা কামাল বলেন, এই শপথের যেন অবমাননা না হয়।

অনুষ্ঠানে বিডি ক্লিন, গার্লস গাইড, রোভার স্কাউটস, জাগো ফাউন্ডেশনও অংশ নেয়।