২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘টাকা’য় জানা যাবে স্বাধীনতার ইতিহাস

রবি’র ‘বিজয় ইতিহাস অ্যাপ’ এর মাধ্যমে দুই থেকে পাঁচশ টাকার নোট স্ক্যান করে জানা যাবে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পেছনের ইতিহাস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2017, 07:44 PM

Updated : 11 Oct 2022, 02:47 PM

সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংস্কৃতি প্রতিমন্ত্রী আসাদুজ্জামান নূর অ্যাপটি উদ্বোধন করেন।

জাতীয় স্মৃতিসৌধের সাতটি স্তম্ভের অর্থকেই ফুটিয়ে তোলা হয়েছে এ অ্যাপের মাধ্যমে। ‘বিজয় ইতিহাস অ্যাপে’র মাধ্যমে ২, ৫, ১০, ২০, ৫০, ১০০ ও ৫০০ টাকার নোট স্ক্যান করে যথাক্রমে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৮ সালের সামরিক শাসন জারি, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অডিও-ভিজ্যুয়াল ইতিহাস জানা যাবে।

রবি আয়োজিত এ অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর উপস্থিত বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাদের উদ্দেশে বলেন, “দেশের এমন কোনো জায়গা নেই, যেখানে তাদের ওপর নির্যাতন হয়নি। কিন্তু সঠিক সময়ে সে সম্মান আমরা তাদের দিতে পারিনি। এ লজ্জা আমাদের। আমাদের সমাজ-পরিবেশের কারণে তারা তাদের পরিচয় দিতে পারেন না।”

ইতিহাস জানার পাশাপাশি এই দেশে ইতিহাস বিকৃতির ঘটনাও ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “এই যারা বলেন, স্বাধীনতার ঘোষণার কথা, ঘোষকদের কথা, আমরা উত্তরবঙ্গের সেই প্রান্তের মানুষ কালুরঘাটের দুর্বল বেতার যন্ত্রের ঘোষণা শুনতেই পাইনি।

“হান্নান সাহেব ঘোষণা দিয়েছেন, না কয়সার সাহেব, না মেজর জিয়া ঘোষণা পাঠ করেছেন- কিছুই আমরা তখন শুনতে পাইনি। আমরা মুক্তিযুদ্ধ শুরু করেছি ২৫ মার্চের অনেক আগেই, ১৪ মার্চ। তাহলে কোন নির্দেশে আমরা যুদ্ধ করেছি? কোন নির্দেশে আমাদের সাথে ইপিআররা এসে যোগ দিল? কার নির্দেশে শত সহস্র মানুষ যুদ্ধে এলো? সেটা হলে ৭ মার্চ।”

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে উজ্জীবিত হয়েই বাঙালি যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল, বলেন আসাদুজ্জামান নূর।

মুক্তিযুদ্ধে শহরের সুশিক্ষিত সন্তানদের অংশগ্রহণ কম ছিল জানিয়ে তিনি বলেন, “আমাদের মুক্তিযোদ্ধাদের শতকরা ৮৫ ভাগই ছিলেন গ্রামের কৃষকের সন্তান। শহরের সুশিক্ষিত সন্তানদের অংশগ্রহণ ছিল বেশ কম। একটা গেঞ্জি-লুঙ্গি পরে হাতে রাইফেল নিয়ে তারা রাতের আঁধারে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।”

মুক্তিযুদ্ধে গ্রামের সাধারণ মানুষের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, “একবার এক অপারেশনে গিয়ে আমরা ছয়জন একটি বাড়িতে আশ্রয় নিই। সে বাসার মা-বোন নির্বিঘ্নে তাদের কাজ করতে থাকেন। এমন ছয়জন সশস্ত্র মানুষ ধরা পড়ে গেলে তাদের মেরে ফেলতে পারে- এসব নিয়ে তারা ভয়ও পাননি, আমাদের সহযোগিতা করেছেন।

“আজকে আমরা লাল-সবুজ পতাকা নিয়ে গর্ব অনুভব করি, কিন্তু এ পতাকার জন্য অনেক মানুষকে রক্তি দিতে হয়েছে।”

অনুষ্ঠানে রবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মাহতাবউদ্দিন আহমেদ বলেন, “তরুণ প্রজন্ম যেন আমাদের স্বাধীনতা অর্জনের গৌরবময় ইতিহাস জানতে পারে, সে উদ্দেশ্যেই আমরা এ অ্যাপটি উদ্ভাবন করেছি। যে কোনো কেউ চাইলেই টাকা স্ক্যান করে জানতে পারবে আমাদের স্বাধীনতার ইতিহাস।”

তিনি অনুষ্ঠানে উপস্থিত ১৫ জন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাকে রবির পক্ষ থেকে ২৫ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন।

অনুষ্ঠানে ১৫ জন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা, চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার, শেরে বাংলার নাতি এ কে ফায়েজুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ড. আবু মো. দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।