২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে বর্ণাঢ্য বিজয় র‌্যালি

বিজয়ের মাসের শুরুতেই একাত্তরের শহীদদের শ্রদ্ধা জানাতে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2017, 07:55 PM

Updated : 11 Oct 2022, 02:47 PM

রোববার সকালে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোভাযাত্রা শুরু হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।

দুই জোড়া পায়রা ও বেলুন উড়িয়ে বিজয় র‌্যালির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান।

সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মহসীনা আক্তার খানমের (লীনা তাপসী) পরিচালনায় দেশের গান, স্বাধীনতার গান ও মুক্তির গান পরিবেশন করে সংগীত বিভাগের শিক্ষার্থীরা।

অধ্যাপক আখতারুজ্জামান বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় গণতন্ত্রের সূতিকাগার। এই বিশ্ববিদ্যালয় একটি অখণ্ড বাংলাদেশ। এ দেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বর্তমান প্রধানমন্ত্রী ও আরও অনেক নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সরাসরি সংশ্লিষ্ট ছিলেন, এটি অনেক গর্বের বিষয়।

“বিজয় র‌্যালির উদ্দেশ্য হচ্ছে মুক্তিযুদ্ধে আত্মত্যাগী দেশের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস, তাই গর্বের এই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় র‌্যালির মাধ্যমে জাতিকে বিজয় উৎসব পালনে নেতৃত্ব দিয়ে থাকে।”

র‌্যালিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন, সিনেটের সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারপারসন, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।