২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক কল্যাণ তহবিলে বাটা ও ম্যারিকোর পৌনে ২ কোটি টাকা

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে লভ্যাংশের এক কোটি ৭৬ লাখ ২৯ হাজার ২৫৮ টাকার চেক হস্তান্তর করেছে বাটা এবং ম্যারিকো বাংলাদেশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2017, 07:41 PM

Updated : 11 Oct 2022, 02:47 PM

সচিবালয়ে রোববার শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর সঙ্গে দেখা করে কোম্পানি দুটির প্রতিনিধিরা গত অর্থ বছরের লভ্যাংশের চেক হস্তান্তর করেন।

জুতা নির্মাতা প্রতিষ্ঠান বাটা‘র ব্যবস্থাপনা পরিচালক চিটপান কানহাসিরি প্রতিমন্ত্রী চুন্নুর হাতে ৭৪ লাখ ৮৭ হাজার ৩২৭ টাকার চেক হস্তান্তর করেন।

ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের চিফ ফিনানসিয়াল অফিসার ইলিয়াস আহমেদ তাদের প্রতিষ্ঠানের এক কোটি এক লাখ ৪১ হাজার ৯৩১ টাকার চেক শ্রম প্রতিমন্ত্রীর হাতে তুলে দেন।

শ্রম মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে এ পর্যন্ত আড়াইশ কোটি টাকার বেশি জমা পড়েছে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শ্রম আইন অনুযায়ী, উৎপাদনশীল প্রতিষ্ঠানের এক বছরের নিট লভ্যাংশের পাঁচ শতাংশের মধ্যে চার শতাংশ অর্থ নিজ কোম্পানির শ্রমিকদের জন্য বরাদ্দ থাকে।

বাকি এক শতাংশের অর্ধেক প্রতিষ্ঠানের নিজস্ব শ্রমিক কল্যাণ তহবিল এবং বাকি অর্ধেক শ্রম মন্ত্রণালয়ের অধীন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে জমা দিতে হয়।

এই তহবিল থেকে দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু, স্থায়ীভাবে অক্ষম, দুর্ঘটনায় আহত শ্রমিকের চিকিৎসা, মাতৃত্বকালীন এবং শ্রমিকের সন্তানদের উচ্চ শিক্ষায় অর্থ দেওয়া হচ্ছে।

এছাড়া প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের যৌথ বীমার প্রিমিয়ামের অর্থও এই খাত থেকে দেওয়া হচ্ছে বলে শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

শ্রম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আফরোজা খান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক আনিসুল আউয়াল, ম্যারিকো বাংলাদেশের হেড অব লিগ্যাল কোম্পানি সেক্রেটারি ক্রিসটাবেল র‌্যান্ডলফ এবং বাটা সু কোম্পানির জিএম জলিল আহমেদ চৌধুরী ও এজিএম সৈয়দ জাহিদুল ইসলাম চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।