২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধীদের অবহেলা নয়: মুহিত

প্রতিবন্ধী নাগরিকদের প্রতি অবহেলা না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2017, 07:34 PM

Updated : 11 Oct 2022, 02:47 PM

রোববার ১৯তম জাতীয় প্রতিবন্ধী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্রতিবন্ধী হওয়ার জন্য তারা নিজেরা দায়ী নয়। আল্লাহর ইচ্ছায় তারা প্রতিবন্ধী। আমাদের ব্যবহারে প্রতিবন্ধীরা যেন কষ্ট না পায়, আপনারা তাদের অবহেলা করবেন না।”

রাজধানীর শেরে বাংলানগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নূরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মো. মোজাম্মেল হোসেন ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জিল্লার রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে দেশের মোট জনসংখ্যার ১ শতাংশ প্রতিবন্ধী। সেই হিসাবে দেশে মোট ১৬ লাখ প্রতিবন্ধী আছে।

“আপনারা কোনও প্রতিবন্ধীকে অবহেলা করবেন না। তাদের দেখাশুনা করার দায়িত্ব আমাদের। তাদের আমরা মানুষ বলে মনে করি না। এটা পরিবর্তন করা দরকার।”

প্রতিবন্ধীদের উন্নয়নে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, “আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন প্রতিবন্ধীদের সেবায় নিয়োজিত হয়েছেন।

“এই বিশাল প্রতিবন্ধী জনগোষ্ঠীকে দেখাশুনা করা আমাদের দায়িত্ব। তাদের পড়াশুনাসহ সকল ধরনের প্রয়োজনীয় সহযোগিতার জন্য দেশে এখন ৪০টি প্রতিবন্ধী সেবা কেন্দ্র রয়েছে। শিগগির এর সংখ্যা আরও বাড়ানো হবে।”

অর্থমন্ত্রী বলেন, “আমরা প্যারা অলিম্পিকে বেশ ভালো করি। আমাদের প্রতিবন্ধীদের আরও ভালোভাবে খেলাধুলা করার জন্য সরকার সাভারে একটি মাঠ বরাদ্দ দিয়েছে। এই মাঠ অতিসত্বর খেলার উপযোগী করে তোলা হবে।”

ওই অনুষ্ঠান থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে অর্থমন্ত্রী মিরপুরে শুরু হওয়া ‘প্রতিবন্ধিতা মেলা’র উদ্বোধন করেন। এর আগে প্রতিবন্ধীদের সহায়তাকারী ব্যাক্তি ও প্রতিষ্ঠান এবং সফল প্রতিবন্ধীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।