২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রঙতুলিতে শিশুর স্বপ্নের শহর

ইট-কাঠ আর ইমারতের শহরে হারাচ্ছে সবুজ, আবাসন প্রকল্পের দাপটে উজার নদী, খাল; প্রাণোচ্ছল শিশুদের মাঠ কেড়ে নিয়ে সেখানে গড়ে উঠেছে বাণিজ্যিক কেন্দ্র- এই তো এখন ঢাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2017, 06:53 PM

Updated : 11 Oct 2022, 02:47 PM

এই ঢাকার বুকে একচিলতে সবুজের খোঁজে হা-পিত্যেশ করা একদল ক্ষুদে আঁকিয়ে তাদের ক্যানভাসে জানাল প্রতিবাদ। একইসঙ্গে কাঠপেন্সিল আর রঙতুলির আঁচড়ে নানা নকশায় বাতলেও দিল নগরে সবুজায়নের প্রক্রিয়াটিই কেমন হওয়া উচিৎ।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ টু আই প্রকল্প ও ইউএনডিপির উদ্যোগে ঢাকায় যে ‘স্মার্ট সিটি ক্যাম্পেইন’ শুরু হয়েছে,, তার অংশ হিসেবে ‘ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবি) ট্রাস্ট’ রোববার সকালে রাজধানীর রায়েরবাজারের বৈশাখী মাঠে আয়োজন করে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘রঙতুলিতে শিশুর স্বপ্নের শহর’।

সকাল ১১টায় শুরু হওয়ার এই প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন স্কুলের অর্ধশতাধিক শিক্ষার্থী। শিশুরা কেউ আঁকে নগরীর বুকে খেলার মাঠগুলোর চালচ্চিত্র, কেউ আঁকে বাড়ির পাশে গলিপথের দুরবস্থার চিত্র।

এই ক্ষুদে আঁকিয়েদের কেউ আবার মাথা খাটিয়ে এঁকে ফেলে নগর পরিকল্পনার ছবি। পরিকল্পনামাফিক বাড়ি ও পথ নির্মাণ, পথের পাশে সবুজ গাছপালা রোপণ করে এই শহরটিকে তারা তিলোত্তমা নগরীকে গড়ে তোলার স্বপ্নের কথাও বলে ক্যানভাসে।

ধানমণ্ডির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আবিদা সুলতানা কলি, আরিফা খান ছবি আঁকতে আঁকতে জানাল তাদের স্কুলে খেলার মাঠ না থাকার আক্ষেপ।

আরিফার আগের স্কুল বসিলা উচ্চ বিদ্যালয়ে খেলার মাঠ থাকলেও নতুন বিদ্যালয়ে মাঠ না থাকায় সে এখন আর খেলাধুলা করে না।

কলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “খেলতে তো চাই প্রতিদিন। কিন্তু কোথায় খেলব? ঘরের নিচেই রাস্তা। সারা দিন গাড়ি চলে। বাবা-মা ঘর থেকে বের হতে দেয় না।”

আফসানা আক্তার বৃষ্টি, সোহাগী আক্তার, তারেক রহমানরা এসেছিল আইডিয়াল উচ্চ বিদ্যালয় থেকে। ষষ্ঠ শ্রেণির এই শিক্ষার্থীর দলটি জানাল, প্রতি বছর মার্চ-এপ্রিল মাসে এই বৈশাখী মাঠে তাদের বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। কিন্তু এখানে মাঠে নেই সবুজ ঘাস, একটু বাতাসে ধুলোর ঝড় উঠে।

নগরীর মাঠগুলোর দুরবস্থার ছবি আঁকতে আঁকতে সোহাগী আক্তার বলে, “এসব মাঠে আমাদের খেলার কোনো পরিবেশ নেই। খেলতে এলে হাত-পায়ে ব্যথা পাই, ধুলা খেতে হয়। মেয়েদের জন্য খেলার তো পরিবেশই নাই। আমাদের খেলার মাঠ বলতে সেই ধানমন্ডির একটা মাঠ (সুলতানা কামাল ক্রীড়া কমপ্লেক্স)।”

আলহ্বাজ হাশেম খান স্কুল থেকে আসা ক্ষুদে আঁকিয়ে মুক্তা আক্তার ও হালিমা খাতুনের কণ্ঠে হা-পিত্যেস তাদের বাড়ির পাশে থাকা বড় বড় গাছগুলোর সংখ্যা ক্রমেই কমে যাওয়া নিয়ে।

অবশ্য বসে থাকেনি তারা। নিজেদের বাড়িতে টবে,বারান্দায় ছোট গাছ লাগিয়ে নিজেদের ঘরকে সবুজায়ন করছে নিজেদের প্রক্রিয়ায়। বৃক্ষ, লতাপাতা জানাশোনার পাশাপাশি তার যত্নআত্তি কীভাবে করতে হয়, তাও শিখে নিয়েছে।

শুধু কী বাড়ি? আইডিয়াল স্কুল থেকে আসা জিন্নাত আক্তার জানাল, স্কুলের বারান্দায় ছোট ছোট টবে ফুল ও ফলের গাছের চাষ শুরু করে দিয়েছে তারা। গাছপালার পরিচর্যা কীভাবে করবে, বন্ধুদের নিয়ে তা নিয়েও নিয়মিত আলোচনা করে তারা।

ভিকারুননিসা নূন স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ফাহমিদা জাহান অর্পার ক্যানভাসে উঠে এল পরিকল্পিত নগরায়নের কথা। লালবাগ থেকে আসা এই ক্ষুদে আঁকিয়ে তার গলিপথের নর্দমা নির্মাণ, রাস্তা প্রশস্ত করার পর তার পাশের রোয়াকে একটুখানি সবুজও রাখল।

তার ছোট বোন দ্বিতীয় শ্রেণির ফারিন জাহান অর্পিতার ক্যানভাসে দেখা গেল সুউচ্চ অট্টালিকার ছাদে বর্ণিল ফুলের বাগান। সে বলল, “ফুলের বাগান করলে সেখানে পাখি আসবে, মৌমাছি আসবে। ওরা তো এখন আমাদের কাছে আসে না। আমি গোলাপ, টগর আরো অনেক ফুল লাগাব। মা বলেছে, ফুল গাছে পাখি বসে। আমি পাখি দেখব।”

এই দুই বোনের মা নাসিমা জাহান বলেন, “ঘর থেকে বের হলেই শিশুদের কী এক নোংরা পরিবেশে ছেড়ে দিচ্ছি আমরা। কোথাও নেই খেলার মাঠ। শরীর চর্চার অভাবে ক্ষতি তো হচ্ছেই, কিন্তু কী করব? ওদের নিরাপত্তার কথা ভেবে বাইরে ছেড়ে দেই না।”

টিকাটুলীর অভিভাবক নাজমা আক্তার নিশি তার নবম শ্রেণি পড়ুয়া জান্নাতুল আরভিকে নিয়ে এসেছিলেন এই প্রতিযোগিতায়।

নিশি বলেন, “শহরে থাকলে মেয়েটা গাছপালা চিনবে না, পাখিও চিনবে না। সুযোগ পেলে তাকে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাই। সেখানে প্রতি বছর পাখি মেলা হয়। আমরা মিস করি না।”

মায়ের সঙ্গে কথা বলতে বলতে দেখা গেল, কামরুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রী আরভি তার নগরপরিকল্পনার কথা ক্যানভাসে এঁকে ফেলেছে।

প্রথম শ্রেণি থেকে শুরু করে দশম শ্রেণি পর্যন্ত একাধিক মাধ্যমে কয়েক ভাগ করে বিভাগ অনুযায়ী সেরা আঁকিয়েদের জন্য পুরস্কারও ছিল।

প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি আবু নাসের খান। বিশেষ অতিথি ছিলেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আহমেদ কামরুজ্জামান মজুমদার, ইউএনডিপির প্রতিনিধি মারুফ রহমান। ডব্লিউবি ট্রাস্টের নির্বাহী পরিচালক সাঈফুদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন।

আবু নাসের খান বলেন, “শিশুদের তাদের মনের মতো করে ভাবতে দিন, ওরা আঁকুক তাদের মনের মতো করে। ওরা যেভাবে চায়, আমরা সেভাবেই এই নগরকে গড়ে তুলব। ওরাই তো আমাদের আগামী।

“তার আগে শিশুদের বলতে হবে, নিজেদের ঘরটাকে সুন্দর করে সাজাতে। শিশুরা সবাই যখন নিজেদের ঘরটাকেই সবুজ করে তুলবে, তখন গোটা নগরীটাই একদিন সুন্দর হয়ে উঠবে।”

মারুফ রহমান জানান, আগামী ৫ ডিসেম্বর শেষ হবে তাদের ‘স্মার্ট সিটি ক্যাম্পেইন’। কিন্তু এরপরও নগরীর শিশু-কিশোরদের নিয়ে তারা এমন আয়োজন করবেন, নগরীকে বাসযোগ্য করতে শিশুদের পরিকল্পনার কথা তারা গুরুত্ব দিয়ে শুনবেন।