২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাম্বুলেন্সে এসে ছেলের লাশ দেখে গেলেন আনিসুল হকের বাবা

সেনানিবাস থেকে অ্যাম্বুলেন্সে এসে আনিসুল হকের লাশ দেখে গেলেন তার বাবা নব্বই ঊর্ধ্ব শরীফুল হক।

ওবায়দুর মাসুম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2017, 08:04 PM

Updated : 19 Aug 2022, 06:05 PM

বার্ধক্যের ভারে অসুস্থ শরীফুল হককে এই দুদিন বড় ছেলের মৃত্যুর কথা জানানো হয়নি।

লন্ডন থেকে শনিবার আনিসুল হকের মরদেহ আসার পর তার বনানীর বাসায় নেওয়া হয় কফিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ আনিসুল হকের ঘনিষ্ঠজনরা ওই বাসায় গিয়ে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

আনিসুল হকের ছোট ভাই সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ভাইয়ের কফিনের সঙ্গে ছিলেন সব সময়। তার সেনানিবাসের বাসা থেকে সেনাবাহিনীর একটি অ্যাম্বুলেন্সে করে বাবা শরীফুল হককে দুপুরে আনা হয়েছিল আনিসুলের বনানীর ওই বাসায়।

কিছুক্ষণ ছেলের লাশের পাশে থেকে ওই অ্যাম্বুলেন্সে করেই আবার সেনানিবাসে ছেলের বাসায় ফিরে যান তিনি।

Image
২০১৫ সালে মেয়র নির্বাচনে বাবাকে সঙ্গে নিয়ে বনানীর একটি কেন্দ্রে ভোট দেন আনিসুল হক

২০১৫ সালে মেয়র নির্বাচনে বাবাকে সঙ্গে নিয়ে বনানীর একটি কেন্দ্রে ভোট দেন আনিসুল হক

বনানীর এই বাসায় আনার পরই তাকে ছেলের মৃত্যুর কথা বলা হয় বলে আনিসুল হকের একান্ত সহকারী একেএম মিজানুর রহমান জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি নিজেও অসুস্থ। কথাবার্তা বলতে পারেন না। ছেলের মৃত্যুর খবর সইতে পারবেন কি না সেই ভাবনা থেকে আগে তাকে এ খবর দেওয়া হয়নি।

ছেলের লাশ দেখে শরীফুল হক কোনো কথা বলেননি জানিয়ে তিনি বলেন, “কান্নাকাটিও করেন নাই। চুপচাপ চেয়ে চেয়ে দেখেছেন। উনার ফিলিংস আমরা বুঝতে পারি নাই। দেখার পর উনাকে নিয়ে আবার অ্যাম্বুলেন্সে করে সেনানিবাসের বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে।”

আইসিইউ সুবিধা সম্পন্ন অ্যাম্বুলেন্স থেকে শরীফুল হককে হুইল চেয়ারে করে বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হয়। এ সময় তার নাকে নল লাগানো ছিল।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার কবিরহাটের বাসিন্দা শরীফুল হক আনসার বাহিনীর কর্মকর্তা ছিলেন। তার অপর দুই ছেলে ইকবাল হক ও হেলাল হক যুক্তরাষ্ট্র প্রবাসী। ইকবাল চিকিৎসক এবং হেলাল যুক্তরাষ্ট্র নৌবাহিনীর ক্যাপ্টেন।

Image
২০১৫ সালে বাবার জন্মদিনের কেক কাটার এই ছবি ফেইসবুকে দিয়েছিলেন আনিসুল হক

২০১৫ সালে বাবার জন্মদিনের কেক কাটার এই ছবি ফেইসবুকে দিয়েছিলেন আনিসুল হক

আনিসুল হকের বনানীর এই বাসায়ই থাকতেন শরীফুল হক। ২০১৫ সালের ১৪ জুলাই তার জন্মদিনের কেক কাটার কয়েকটি ছবি ফেইসবুকে দিয়েছিলেন আনিসুল হক।

তিনি লিখেছিলেন, “আজ আমার বাবার ৯৪তম জন্মদিন। উনি অনেক কষ্ট করে আমাদের মানুষ করেছেন। সরকারি চাকরি জীবনে কোনো দিন অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেননি। সব সময় বলেছেন, আমাদের লেখাপড়া ছাড়া আর কোনো সম্পদ দিয়ে যেতে পারবেন না। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।”

নাতির জন্ম উপলক্ষে গত ২৯ জুলাই আনিসুল হক সপরিবারে লন্ডন যাওয়ার পর তার এই বাসা থেকে শরীফুল হককে সেনানিবাসের ওই বাসায় নেওয়া হয়। এদিকে লন্ডনে অসুস্থ হয়ে প্রায় সাড়ে তিন মাস চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার মারা যান আনিসুল হক।

পুরনো খবর:

একদিন পরেও ছেলের মৃত্যুর কথা জানেন না আনিসুল হকের বাবা