একদিন পরেও ছেলের মৃত্যুর কথা জানেন না আনিসুল হকের বাবা
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুর একদিন পরেও সে খবর তার বাবা শরীফুল হককে জানানো হয়নি।
নব্বই ঊর্ধ্ব শরীফুল হক ঢাকায় আনিসুল হকের বাসায়ই থাকতেন। এখন তিনি সেনানিবাসে আরেক ছেলের বাসায় আছেন বলে আনিসুল হকের ব্যক্তিগত সচিব একেএম মিজানুর রহমান জানিয়েছেন।
তিনি শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনি নিজেও অসুস্থ। এই বয়সে এই শোক সইতে পারবেন কি না, সে কারণে পরিবারের পক্ষ থেকে তাকে এখনও মেয়র স্যারের মৃত্যুর খবর জানানো হয়নি।”
২০১৫ সালে বাবার জন্মদিনের কেক কাটার এই ছবি ফেইসবুকে দিয়েছিলেন আনিসুল হক
মিজানুর জানান, আনিসুল হক লন্ডনে যাওয়ার সপ্তাহ খানেক পর শরীফুল হককে বনানীর ওই বাসা থেকে আরেক ছেলে সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সেনানিবাসের বাসায় নেওয়া হয়।
“মেয়র স্যারের পরিবার লন্ডনে চলে যাওয়ার পর এ বাসায় লোকজন তেমন কেউই ছিল না। এ কারণে স্যারের বাবাকে দেখাশুনা করার লোক ছিল না। তাই ওখানে নেওয়া হয়েছিল।”
২০১৫ সালের ১৪ জুলাই বাবার জন্মদিনের কেক কাটার কয়েকটি ছবি ফেইসবুকে দিয়েছিলেন আনিসুল হক।
তিনি লিখেছিলেন, “আজ আমার বাবার ৯৪তম জন্মদিন। উনি অনেক কষ্ট করে আমাদের মানুষ করছেন. সরকারি চাকরি জীবনে কোনো দিন অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেননি। সব সময় বলেছেন, আমাদের লেখাপড়া ছাড়া আর কোনো সম্পদ দিয়ে যেতে পারবেন না. আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।”
