তিন দিনের সফরে কম্বোডিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তিনদিনের সরকারি সফরে নম পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকালে সফরসঙ্গীদের নিয়ে প্রধানমন্ত্রী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির রাজধানী নম পেনের উদ্দ্যেশ্যে রওনা হবেন বলে তার প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।
প্রায় সাড়ে তিন বছর পর দেশটিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফরে দুই দদেশের মধ্যে দুটি চুক্তি ও নয়টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী জানিয়েছেন।
কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সরকারি সফর। সফরকালে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রী কম্বোডিয়ার রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সফর সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি নম পেন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে কম্বোডিয়ার মিনিস্টার ইন ওয়েটিং এবং থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও কম্বোডিয়ায় অ্যাক্রিডিটেড সাদিয়া মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।
বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে শেখ হাসিনাকে মটর শোভাযাত্রা সহকারে হোটেল সোফিটেলে নিয়ে যাওয়া হবে। কম্বোডিয়া সফরকালে তিনি এই হোটেলেই থাকবেন।
প্রধানমন্ত্রী বিকালে নম পেনে স্বাধীনতা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। তিনি কম্বোডিয়ার প্রয়াত রাজা নরোদম সিহানুকের রাজকীয় স্মৃতি মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।
সফরের প্রথম দিনই কম্বোডিয়ায় নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূতের দেওয়া এক নৈশভোজে যোগ দেবেন শেখ হাসিনা। অনুষ্ঠানে কম্বোডিয়ায় বসবাসকারী বাংলাদেশিরা যোগ দেবেন বলেও আশা করা হচ্ছে।
সোমবার দুই প্রধানমন্ত্রীর একান্ত আলোচনা ও দ্বিপক্ষীয় বৈঠকের পর তাদের উপস্থিতিতে চুক্তি ও সমঝোতা স্মারকগুলো সই হওয়ার কথা।
প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বিমান চলাচল ও দুই দেশের শীর্ষ বাণিজ্যিক সংগঠনের মধ্যে সহযোগিতা সংক্রান্ত দুটি চুক্তির সম্ভাবনা রয়েছে।
নয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, এর মধ্যে জয়েন্ট ট্রেড কাউন্সিল গঠন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়ন সহযোগিতা, শ্রম ও বৃত্তিমূলক প্রশিক্ষণ খাত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা, পর্যটন ক্ষেত্রে সহযোগিতা, যুদ্ধের ইতিহাস, স্মৃতিস্তম্ভ এবং স্মৃতিচিহ্ন সংরক্ষণে সহযোগিতা বিষয়ক, মৎস্য ও অ্যাকুয়াকালচার বিষয়ক এবং বিনিয়োগ প্রসারে সমঝোতা স্মারক হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং রয়্যাল একাডেমি অব কম্বোডিয়ার (আরএসি) মধ্যে একাডেমিক পর্যায়ে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক হওয়ার সম্ভাবনার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।
দুই প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে উভয় দেশের জাতির পিতার নামে ঢাকা ও নম পেনের দুটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণের ঘোষণা দেওয়া হবে। শেখ হাসিনা ও হুন সেন পরে যৌথ বিবৃতি দেবেন।
পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বারিধারা কূটনৈতিক এলাকার ‘পার্ক রোড’ রাস্তাটি কম্বোডিয়ার প্রয়াত রাজা নরোদম সিহানুকের নামে নামকরণের সিদ্ধান্ত হয়েছে। অনুরূপভাবে কম্বোডিয়ার সরকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নম পেনের প্রধান সড়কের নামকরণ করবে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী কম্বোডিয়ার রাজা নরোদম সিহামনি, সিনেট প্রেসিডেন্ট সে চুহুম ও ন্যাশনাল এসেম্বলির প্রেসিডেন্ট হেং সেমারিনের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করবেন।
সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী, এসডিজির মুখ্য সমন্বয়ক, বিডার নির্বাহী চেয়ারম্যান, পররাষ্ট্র সচিব, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন।
মঙ্গলবার বিকোলে শেখ হাসিনার ঢাকা ফেরার কথা রয়েছে।
