২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমাকে বলে ‘চান্স সম্পাদক’, পেশাদারদের সনদ খুঁজে পাওয়া যাবে না: মাহমুদুর

‘আমার দেশ’র ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, বাংলাদেশের গণমাধ্যমের সম্পাদকরা তাকে সম্পাদক হিসেবে মানতে চান না, কিন্তু পেশাদার সম্পাদকদের অনেকের ‘লেখাপড়ার সনদ খুঁজে পাওয়া যাবে না’।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2017, 11:27 PM

Updated : 11 Oct 2022, 02:47 PM

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘গণমাধ্যমের ভূমিকা’ শিরোনামে এক আলোচনা সভায় বাংলাদেশের সংবাদমাধ্যমগুলোর ভূমিকার কঠোর সমালোচনা করেন কর্পোরেট নির্বাহী থেকে পত্রিকা কিনে সম্পাদক হওয়া মাহমুদুর।

তিনি বলেন, “বাংলাদেশে বর্তমান গণমাধ্যমের অধিকাংশই স্বেচ্ছায় পরাধীনতা মেনে নিয়েছে। স্বেচ্ছায় পরাধীনতা কেন মানল বাংলাদেশের গণমাধ্যম? এটার বিশ্লেষণ করা প্রয়োজন। এই সমস্ত গণমাধ্যমের মালিক কারা? এই সমস্ত গণমাধ্যমের ৯০ শতাংশের মালিক হচ্ছে, বর্তমানে যে ফ্যাসিবাদী অবৈধ সরকার ক্ষমতায় আছে, তাদের দালাল শ্রেণি এবং সুবিধাবাদী শ্রেণি।”

এ প্রসঙ্গে সম্পাদকদের সমালোচনা করে তিনি বলেন, “আরেক দল আছে সম্পাদক শ্রেণি। এই সম্পাদক শ্রেণির মধ্যে আমাকে তারা সম্পাদক মানতে চান না, আমাকে বলে চান্স সম্পাদক। তারা নাকি পেশাদার সম্পাদক। আমি বুয়েটের ছাত্র ছিলাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র ছাত্র ছিলাম, আমি জাপানে পড়াশুনা করেছি, কিন্তু আমি চান্স সম্পাদক।

“অনেক পেশাদার সম্পাদকের আমরা যদি সার্টিফিকেট খুঁজতে যাই তাহলে তাদের সার্টিফিকেট খুঁজে পাওয়া মুশকিল হবে, তারা কোথায় কতটুকু পড়াশুনা করেছেন। যাদের কোনো সার্টিফিকেট খুঁজে পাওয়া যাবে না, তারা হলেন পেশাদার সম্পাদক। এই হলো বাংলাদেশের গণমাধ্যমের অবস্থান।”

Image
মাহমুদুর রহমান

মাহমুদুর রহমান

বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা থেকে বিএনপি আমলে রাজনৈতিক নিয়োগে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান হয়েছিলেন মাহমুদুর রহমান। পরে প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্বালানি বিষয়ক উপদেষ্টা ছিলেন তিনি।

বিএনপি ক্ষমতা হারানোর পর মোসাদ্দেক আলী ফালুর মালিকানাধীন দৈনিক আমার দেশের বেশিরভাগ শেয়ার কিনে তার ভারপ্রাপ্ত সম্পাদক হন মাহমুদুর রহমান।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি উদযাপনে নাগরিক সমাবেশের কথা তুলে ধরে তিনি বলেন, “একদিন বক্তৃতা দেখলাম, একদিন মিছিল দেখলাম বাচ্চা-কাচ্চা নিয়ে, সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়ে এবং পুলিশ পর্যন্ত উর্দি পরে মিছিল করেছে। সেখানে আমি দেখলাম একটা অনুষ্ঠানের আয়োজনে সেই সব সম্পাদকরা ছিলেন তারা ওই অনুষ্ঠানের বক্তৃতার আয়োজন কর্তা।

“আওয়ামী লীগের অনুষ্ঠান আয়োজন করছেন এসব সম্পাদকরা। তার মধ্যে আমি এখানে দেখতে পারছি একাত্তর টিভি। সেই টিভির মোজ্জাম্মেল বাবু সাহেব একজন মহা উদ্যোক্তা ছিলেন। এখানে সমকালের কেউ আছেন কি না জানি না। সমকালের সম্পাদক গোলাম সারওয়ার সাহেবও সেখান বক্তৃতা করেছেন, তিনিও উদ্যোক্তা ছিলেন।

“কিন্তু তারা বলবেন আমরা নিরপেক্ষ। তারা দলীয় অনুষ্ঠানের আয়োজনের সাথে থাকবেন, বক্তৃতা দেবেন আর বলবেন নিরপেক্ষ। এটাই হচ্ছে বাংলাদেশের সংবাদ বা গণমাধ্যমের প্রকৃত চেহারা এবং এটা এখন অবৈধ প্রধানমন্ত্রীর দালাল ও দিল্লির তাবেদারদের দখলে চলে গেছে।”

বঙ্গবন্ধুর নাতনি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর সাম্প্রতিক এক বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন মাহমুদুর রহমান।

তিনি বলেন, “বাংলাদেশে একটা আইন হয়েছে জাতির পিতার পরিবার নিরাপত্তা আইন। সেই নিরাপত্তা আইনে জাতির পিতার কন্যা ও তার সন্তানাদির কথা বলা হয়েছে। এতে টিউলিপ সিদ্দিকী পড়েন। আমার প্রশ্ন হল, উনি যখন বাংলাদেশে আসেন, তিনি কি তখন এসএসএফের নিরাপত্তা পান?

“যদি তিনি এসএসএফ নিরাপত্তা পেয়ে থাকেন তাহলে লন্ডনে তিনি (টিউলিপ সিদ্দিকী) কীভাবে বলেন, আই অ্যাম নট বাংলাদেশি। তাহলে কোন অধিকারে তিনি বাংলাদেশে সেই নিরাপত্তা পান এবং তাকে এসএসএফের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের পয়সা খরচ হয়, আমাদের ট্যাক্সের পয়সা খরচ হয়। সেই খরচ করার অধিকার তাকে কে দিয়েছে?”

সম্প্রতি লন্ডনে এক সমাবেশে যুদ্ধপরাধী মীর কাসেম আলীর ‘নিখোঁজ’ এক ছেলেকে নিয়ে টিউলিপকে প্রশ্ন করেন ব্রিটিশ সম্প্রচারমাধ্যম চ্যানেল ফোরের প্রতিবেদক।

তিনি ব্রিটিশ এমপি, বাংলাদেশের নন বলে বিষয়টি এড়িয়ে যেতে চান টিউলিপ।

এরপরেও টিউলিপের পিছু ছাড়ছিলেন না ওই প্রতিবেদক; এক পর্যায়ে তার সন্তানসম্ভবা প্রযোজককে সন্তান জন্মদান নিয়ে মন্তব্য করে সমালোচনায় পড়েন তিনি। পরে ওই মন্তব্যের জন্য প্রযোজকের কাছে দুঃখপ্রকাশ করেন টিউলিপ।

আয়োজক সংগঠনের সভাপতি এম এ হালিমের সভাপতিত্বে এই আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ প্রধান অতিখি হিসেবে বক্তব্য রাখেন।